নায়িকাদের পারিশ্রমিক: আমিরের মত
বলিউডে নায়ক-নায়িকাদের পারিশ্রমিক বৈষম্য এখন বহুল চর্চিত বিষয়। প্রথমবারের মতো এই বিষয়ে নিজের মত দিলেন আমির খান। তার মতে, পুরুষশাসিত সমাজ ব্যবস্থার কারণেই নায়িকারা কম পারিশ্রমিক পেয়ে থাকেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসকে আমির বলেন, "আমরা এখনও পিতৃতান্ত্রিক সমাজে বাস করছি, যেখানে পুরুষদের কর্তৃত্ব বেশি। এখানে একজন নায়ক কতো দর্শক টানতে পারবেন, তার ওপর ভিত্তি করে পারিশ্রমিক দেয়া হয়। প্রযোজকরাও ব্যস্ত থাকেন সিনেমাটি কতোখানি ব্যবসা করলো তার হিসাব নিয়ে।"
আমিরের সঙ্গে একমত প্রকাশ করেন তার স্ত্রী কিরান রাও, যিনি নিজে একজন পরিচালক।
তিনি বলেন, "একজনের সৃজনশীলতা, কাজ করার ক্ষমতা তিনি নারী না পুরুষ তা দেখে বিচার করা উচিৎ নয়। আমি এবং আমির দুজনেই বিশ্বাস করি, সম পরিমাণ কাজের জন্য পারিশ্রমিক হওয়া উচিত সমান সমান। আমাদের নিজস্ব প্রযোজনায় আমরা কখনও এই ধরনের বৈষম্য করি না।'
সম্প্রতি এ বিষয়ে কথা বলেন সালমান খান। পারিশ্রমিকের এই তারতম্যের কারণ হিসেবে তিনি দর্শকের চাহিদার কথা উল্লেখ করেন। তার মতে, দর্শক এখনও নায়কদের বেশি দেখতে চায়। তাই প্রযোজকরাও তাদের সিনেমার ব্যবসায়িক সাফল্যের জন্য নায়কদের ওপর ভরসা করেন।
