শুরুটা ভালো ‘হিরো’র
সুরাজ পাঞ্চোলি এবং আথিয়া শেঠি অভিনীত প্রথম সিনেমা ‘হিরো’র পথচলার শুরুটা ভালই হয়েছে। ১১ সেপ্টেম্বর মুক্তি পেয়ে প্রথম দিনের আয়ে নির্মাতাদের আশাহত করেনি সিনেমাটি।
শুক্রবার মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনে আয় করে ৬ কোটি ৮৫ লাখ রুপি।আদিত্য পাঞ্চোলি তনয় সুরাজ এবং সুনিল শেঠি তনয়া আথিয়ার সিনেমাটি ২০১৪ সালে মুক্তি পাওয়া টাইগার শ্রফ ও ক্রিতি শ্যাননের প্রথম সিনেমা ‘হিরোপান্তি’র রেকর্ড ভেঙেছে (৬ কোটি ৬৩ লাখ)।
নায়ক-নায়িকা দুজনই নতুন মুখ হবার পরও প্রথম দিনের এমন সংগ্রহকে ভাল বলছেন বিশ্লেষক তারান আদর্শ। তবে তার মতে, শনি ও রবিবারের ব্যবসা আরও ভাল হওয়া প্রয়োজন।
১৯৮৩ সালের সুপারহিট সিনেমা ‘হিরো’ রিমেইক করেছেন নিখিল আদভানি। বক্স-অফিসে ভালো সাড়া পেলেও সমালোচকদের মন গলাতে পারেনি নতুন ‘হিরো’। সুভাষ ঘাই পরিচালিত মূল সিনেমাটিতে অভিনয় করেছিলেন জ্যাকি শ্রফ ও মীনাক্ষি শেষাদ্রি।
নিজের ব্যানার এসকে ফিল্মস প্রযোজিত সিনেমাটির প্রচারে অংশ নেয়ার পাশাপাশি সিনেমার জন্য গানও গেয়েছেন সালমান খান।
