লজ্জিত কাঙ্গানা
বলিউডের অন্য নারী তারকা, এমনকি কয়েকজন পুরুষ তারকাও যখন সুযোগ পেলেই রঙ ফর্সাকারী প্রসাধনীর বিজ্ঞাপনে অভিনয় করছেন, তখন অন্য পথে হাঁটছেন কাঙ্গানা রানাওয়াত। জানালেন, তিনি কেবল এ ধরনের পণ্যের দূতিয়ালীর ঘোর বিরোধীই নন, যেসব তারকা এসব পণ্যের বিজ্ঞাপনে কাজ করেন তাদের নিয়ে লজ্জিত বোধ করেন তিনি।
সম্প্রতি ফরাসি চ্যানেল ফ্রেঞ্চ টুয়েন্টিফোরকে কাঙ্গানা বলেন, "এই ধরনের প্রসাধনীর প্রতি মানুষের আকর্ষণ খুবই দুঃখজনক মনে হয় আমার কাছে। এটি রীতিমতো লজ্জার ব্যাপার কারণ আমাদের দেশের সব মানুষ দেখতে সুন্দর। মেয়েরা কোনো কারণ ছাড়াই নিজেদের আত্মবিশ্বাস বিসর্জন দিচ্ছেন এই ধরনের প্রসাধনীর জন্য।"
এবার ফ্রান্সে মুক্তি পাচ্ছে কাঙ্গানার সিনেমা ‘কুইন’। তাই এখন প্যারিসে অবস্থান করছেন তিনি।
কাঙ্গানা আরও বলেন, "আমি এসব প্রসাধনীর ঘোর বিরোধী, আর যেসব তারকা এ ধরনের প্রসাধনীর বিজ্ঞাপনে কাজ করেন আমি তাদের নিয়ে লজ্জিত।"
কাঙ্গানার মতে, রঙ ফর্সাকারী প্রসাধনীর ব্যাপক প্রভাবের জন্য ভারতে শ্যাম বর্ণের মানুষদের প্রায়ই নিগৃহীত হতে হয়।
"নিজের গায়ের রঙের জন্য বারবার নিগৃহীত হওয়ার পর এই মানুষগুলো রঙ ফর্সাকারী ক্রিম ব্যবহার করে, আর হঠাৎ করেই তাদের পথচলা সহজ হয়ে পড়ে। এই ধারণাটি খুবই অপমানজনক। কিন্তু অবাক করার মতো ব্যাপার হল, অনেক মডেল আর তারকা এসব প্রসাধনীকে সমর্থন দেন।"
