সিরিয় শরণার্থীদের পাশে বন্ড
সিরিয় শরণার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন পর্দার জেমস বন্ড ড্যানিয়েল ক্রেইগ। সঙ্গে আছেন নতুন বন্ড গালর্ লিয়া সেড্যুও। ইউরোপে শরণার্থীদের আশ্রয় দেয়ার জন্য একটি পিটিশনে সই করেছেন তারা।
‘ফোর এ থাউসেন্ডস অফ লাইফ: বি এ হিউম্যান’ নামে একটি অনলাইন পিটিশনে সই করেছেন ক্রেইগ ও সেড্যু, যেখানে শরণার্থীদের আশ্রয় দিতে ইউরোপীয় দেশগুলোর সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
হলিউড রিপোর্টার বলছে, ক্রেইগ ও সেড্যুর সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন আরও ইউরোপীয় চলচ্চিত্রের আরও তিন হাজার কলাকুশলী।
চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন খাতের কর্মীদের পাশাপাশি এই পিটিশনে সই করেছেন বাফটা পুরস্কারজয়ী মার্কিন পরিচালক জশুয়া ওপেনহেইমার, পোল্যান্ডের পরিচালক আগ্নেইজস্কা হল্যান্ড, ডেনমার্কের পরিচালক থমাস ভিন্টারবার্গের মতো অনেকে।
সিরিয় শিশু আয়লান কুর্দির মৃতদেহের ছবি প্রকাশিত হওয়ার পর থেকেই শরণার্থী সমস্যা নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। নিজ দেশ সিরিয়ায় চলমান গৃহযুদ্ধ এড়াতে পালিয়ে ইউরোপে আশ্রয় নেয়ার সময় মা ও ভাইয়ের সঙ্গে সাগরে ডুবে মারা যায় শিশুটি।
