বড় পর্দায় আসছেন ক্ষুদিরাম
ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন তাদের মধ্যে অন্যতম বাঙালি বিপ্লবী ক্ষুদিরাম বসু। এবার তার জীবনী নিয়ে বলিউডে চলচ্চিত্র নির্মিত হতে যাচ্ছে।
ভারতীয় দৈনিক মিড-ডে বলছে, সিনেমাটির চিত্রনাট্য লিখছেন দীনেশ তিওয়ারি। জানালেন, চিত্রনাট্য প্রায় তৈরি। এখন চলছে পর্দার ক্ষুদিরাম খোঁজার কাজ। তবে কোনো প্রতিষ্ঠিত অভিনেতাকে নিতে আগ্রহী নন নির্মাতারা।
দীনেশ আরও জানান, ভারতের বেশ কয়েকটি শহরে ঘুরে ঘুরে ১০-১৫ জন মঞ্চ অভিনেতাকে বাছাই করেছেন তারা। এদের মধ্যেই একজন হবেন পর্দার ক্ষুদিরাম।
ওদিকে ক্ষুদিরামের বোনের চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছে বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে।
চলতি বছরের ডিসেম্বরেই শুরু হবে শুটিং। নির্মাতাদের আশা, কলকাতা চলচ্চিত্র উৎসবে মুক্তি দেয়া যাবে সিনেমাটি।
১৯০৮ সালের ১১ অগাস্ট মাত্র ১৮ বছর বয়সে ক্ষুদিরামকে ফাঁসিতে ঝোলায় ব্রিটিশ সরকার। তার বিরুদ্ধে ধারাবাহিক বোমা হামলার অভিযোগ আনা হয়েছিল। যে হামলার জন্য তার ফাঁসি হয়, তাতে তিন জনের মৃত্যু হয়।
