'আমরা তৃতীয় বিশ্বের জাতিই রয়ে যাবো'
এই মুহূর্তে মাইক্রোব্লগিং সাইট টুইটারে দিনকাল খুব একটা ভাল যাচ্ছে না অভিনেত্রী সোনাম কাপুরের। মহারাষ্ট্রে মাংস বিক্রি নিষিদ্ধ করা বিষয়ে সোনামের একটি টুইট নিয়ে শোরগোল চলছে অনলাইনে, যা দেখে নিজের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন অনিল কাপুর তনয়া।
জৈন ধর্মাবলম্বীদের উপোসের পরব পারিয়ুশানার সময়ে মহারাষ্ট্রে মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয় ১১ - ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। বিষয়টি নিয়ে অনেকের মতো সোনামও নিজের ক্ষুব্ধ মত প্রকাশ করেন টুইটারে।
“অল্পকিছু অসহনশীল, কূপমণ্ডুক, নারীবিদ্বেষী মানসিকতার মানুষের কারণে আমরা তৃতীয় বিশ্বের জাতিই রয়ে যাবো।”
৮ সেপ্টেম্বর করা সোনামের এই টুইট দেখে অনেকেই বলছেন, মাংসকে নারীদেহের সঙ্গে তুলনা করেছেন তিনি। আর সে কারণেই নারীবিদ্বেষী কথাটি ব্যবহার করেছে। অনেকেই তাকে কেবল রূপসর্বস্ব অন্তঃসারশূন্য নারী বলতেও ছাড়েননি।
নিজের টুইট নিয়ে এসব সমালোচনার ত্বরিৎ জবাব দিয়েছেন সোনাম। পরবর্তী টুইটেই তিনি লিখেছেন, “কোনো কিছু না জেনেই বিচার করতে চাওয়াদের বলছি, এটি ছিল সর্বসাধারণের মানসিকতা নিয়ে করা একটি টুইট, যার মধ্যে মাংস বিক্রি বন্ধের বিষয়টিও পড়ে।”
সোনাম তার পরের টুইটে আরও বলেন, “সবচেয়ে দুঃখের বিষয় এটাই যে, বেশির ভাগ নারীই আমাকে অন্তঃসারশূন্য বলছেন। তাহলে দোষ কেবল পুরুষেরই নয়!”
