২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'আমিই এক নম্বর'

বক্স-অফিসে সাফল্য পাওয়ার পাশাপাশি ঝুলিতে পুরেছেন সেরা অভিনেত্রীর জাতীয় পুরস্কার। মুম্বাই সিনেপাড়ায় নিজের আসনটা পাকাপোক্ত করে নিয়েছেন কাঙ্গানা রানাওয়াত। সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হিসেবে শিরোনামেও এসেছেন। এবার সদর্পে ঘোষণা করলেন, হিন্দি সিনেমার এক নম্বর নায়িকা তিনিই। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2015, 02:45 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

“আমি দ্বিতীয় সারির সিনেমা দিয়ে শুরু করেছিলাম, আর এখন এদেশের এক নম্বর অভিনেত্রী আমি। অন্য অভিনেত্রীরা, যাদেরকে আপনারা আমার সমসাময়িক বলতে পারেন, তারা যেখান থেকে এসেছিলেন, সেখান থেকে তাদের কোনো বিকাশ হয়নি। তারা এখনও সেখানেই আছেন এবং নিজেদের অন্য কোন ক্ষেত্রে উত্তরণ ঘটাতে পারেননি।”

কারও নাম উল্লেখ না করে কাঙ্গানা আরও বলেন, “অন্য অভিনেত্রীরা, যাদেরকে আমার সমসাময়িক বলা হয় - তারা তাদের ক্যারিয়ার শুরু করেছিলেন বড় বড় তারকাদের বিপরীতে। রাতারাতি তারা তারকা বনে গিয়েছিলেন এবং এখনও তারা সেই অবস্থাতেই আছেন।”

কাঙ্গানা আরও জানান, প্রথমে তিনি নিজেও বড় তারকাদের বিপরীতে কাজ করতে চাইতেন। কিন্তু এখন তার দৃষ্টিভঙ্গী পাল্টেছে, নিজেকেই এখন ‘লাভজনক অভিনেত্রী’ হিসেবে দেখেন তিনি।

“শুরুতে আমিও প্রথম সারির অভিনেতাদের সঙ্গে কাজ করতে চাইতাম, যখন আমাকে ক্যারিয়ার নিয়ে লড়তে হচ্ছিল। আমি আশা করতাম সেই ধরনের কাজের সুযোগ পাওয়ার, যেখানে শাহরুখ, সালমান কিংবা আমির খানের বিপরীতে অভিনয় করবো আমি... এবং তাদের সাহায্যে আমার ক্যারিয়ারও ভালভাবে শুরু হবে। কিন্তু সেটা হয়নি। আর তারপরই এল ‘কুইন’।”

ভিকাস বেহেলের পরিচালিত এই সিনেমায় অভিনয় করে অর্থ, খ্যাতি এবং সম্মান - সবই অর্জন করেছেন কাঙ্গানা। চলতি বছর মুক্তি পাওয়া তার আরেকটি সিনেমা ‘তানু ওয়েডস মানু রিটার্নস’ শত কোটির বেশি আয় করেছে। আর এসবই কাঙ্গানার দৃষ্টিভঙ্গী বদলাতে সাহায্য করেছে।

“তাহলে, আমি কেন অন্যদের উপর নির্ভরশীল হবো?” প্রশ্ন তুলে কাঙ্গানা বলেন, তার সিনেমায় লগ্নি করা টাকা ফেরত আনার ক্ষমতা এখন তার আছে।

কাঙ্গানার হাতে এখন রয়েছে ‘রানী লক্ষ্মীবাঈ’, ‘রেঙ্গুন’ এবং ‘সিমরান’-এর মতো সিনেমা। মুক্তির অপেক্ষায় রয়েছে ইমরান খানের বিপরীতে ‘কাট্টি বাট্টি’। কাঙ্গানার মতে এটা কেবলই শুরু।

“এতো কেবল শুরু। দীর্ঘসময় ধরে আমাকে লড়াই করতে হয়েছে এবং, কিছুই আমার পক্ষে কাজ করছিল না। আমার হাতে কোনো প্রস্তাবও ছিল না।”

হিমাচল প্রদেশের সাধারণ এক পরিবার থেকে উঠে আসা কাঙ্গানা রানাওয়াত ২০০৬ সালে তার ক্যারিয়ার শুরু করেন ‘গ্যাংস্টার - আ লাভ স্টোরি’ সিনেমার মাধ্যমে। ‘ফ্যাশন’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেও কাঙ্ক্ষিত সাফল্য পেতে বেশ দেরিই হয়েছে এই অভিনেত্রীর।