'মুহাম্মদ' সিনেমায় সংগীত দিয়ে বিপাকে রহমান
হযরত মুহাম্মদ (সঃ)-এর ওপর নির্মিত ইরানি সিনেমা 'মুহাম্মদ: মেসেঞ্জার অফ গড' নিষিদ্ধের দাবী তুলছেন ভারতীয় মুসলমানরাও। সিনেমাটির সংগীত পরিচালনা করার কারণে তারা আঙুল তুলেছেন অস্কারজয়ী সুরকার এ আর রহমানের দিকে।
সিনেমাটি নিষিদ্ধের দাবী নিয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইরান দূতাবাসে আবেদন করেছে ভারতীয় সুন্নি মুসলমানদের সংগঠন রাজা একাডেমি। ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে, স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংকে একটি স্মারকলিপি পাঠিয়েছে মুম্বাইভিত্তিক সংগঠনটি।
বিশেষ করে এ আর রহমানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন তারা। তাদের দাবী, এই সিনেমার সংগীত পরিচালনা করে ভারতীয় মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন তিনি।
'মুহাম্মদ: দ্য মেসেঞ্জার অফ গড' নির্মাণ করেছেন অস্কার মনোনয়ন পাওয়া ইরানি পরিচালক মাজিদ মাজিদি। মহানবী (সঃ) - এর জীবনের ওপর তিনটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন তিনি।
প্রথম পর্বে দেখানো হয়েছে মহানবী (সঃ)-এর শৈশবের গল্প। তবে পুরো সিনেমায় তাঁর চেহারা দেখানো থেকে বিরত থেকেছেন মাজিদি। ইসলাম ধর্মে মহানবী (সঃ)-এর কোনো ধরনের চিত্রায়ন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
