হিন্দি সিনেমায় বাংলাদেশের নুসরাত
এখনও মুক্তি পায়নি প্রথম চলচ্চিত্র, তার আগেই বলিউডি সিনেমায় অভিনয়ের সুযোগ এসে গেল নুসরাত ফারিয়ার হাতে।
‘গাওয়া-দ্য উইটনেস’ নামের এই সিনেমায় এমরান হাশমি, নাওয়াজউদ্দিন সিদ্দিকির মতো বাঘা বাঘা অভিনেতাদের সঙ্গে কাজ করবেন বাংলাদেশি এই অভিনেত্রী।
যৌথ প্রযোজনার সিনেমা 'আশিকি'র মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখতে চলেছেন নুসরাত। সিনেমায় তার বিপরীতে দেখা যাবে টালিগঞ্জের নায়ক অঙ্কুশ হাজরাকে।
নুসরাত গ্লিটজকে জানালেন, ‘আশিকি’ সিনেমার শুটিং স্পটে এসেছিলেন ‘গাওয়া - দ্য উইটনেস’ সিনেমার কাস্টিং ডিরেক্টর অপূর্ব জোসেফ। নুসরাতের অভিনয় দেখে মুগ্ধ হন তিনি। তারপর পরিচালক মারফতই জেনে নন নুসরাতের আদ্যোপান্ত। তারপর ‘আশিকি’ গানটি দেখে তারা নুসরাতকে নায়িকা চরিত্রে চূড়ান্ত করেন।
নুসরাত বললেন, “বলিউডের সিনেমাতে অভিনয়ের ব্যাপারে সত্যিই কিছু বুঝে উঠতে পারিনি। কিন্তু সব শুনে আমার ভালো লেগেছে। গল্পে নতুনত্ব আছে। এখন শুটিং শুরু হওয়ার অপেক্ষা।”
বিষ্ণু দত্ত পরিচালিত রহস্য-রোমাঞ্চ ধাঁচের সিনেমাটিতে আরও থাকছেন 'বোঝে না সে বোঝে না' খ্যাত অভিনেত্রী পায়েল সরকার, যাকে দেখা যাবে নাওয়াজউদ্দিনের স্ত্রীর চরিত্রে। সিনেমায় একজন সিবিআই কর্মকর্তার চরিত্রে দেখা যাবে এমরানকে, যিনি চাকরি ছেড়ে দিয়ে একজন গোয়েন্দা হিসেবে কাজ করতে শুরু করেন।
সিনেমার শুটিং শুরু হবে নভেম্বরে। কলকাতা ও পুনের বিভিন্ন লোকেশনে শুটিং হবে।
এদিকে নুসরাতের প্রথম চলচ্চিত্র ‘আশিকি’ আসছে ঈদ-উল-আযহায়।
নুসরাতের ছবি-- তানজিল আহমেদ জনি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
