‘রানা প্লাজা’ পরিবার ও দেশের ছবি: পরীমনি
নায়িকা পরীমনির ক্যারিয়ারের দ্বিতীয় সিনেমা 'রানা প্লাজা' যেন নানা জটিলতা থেকে বেরিয়েই আসতে পারছিল না। অবশেষে সব সমস্যার সমাধান ঘটিয়ে শুক্রবার প্রেক্ষাগৃহে আসছে পরী-সায়মন জুটির প্রথম এই সিনেমা।
আর তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অনুভূতির কথা প্রকাশ না করে পারেননি ঢাকাই সিনেমার এই আলোচিত নায়িকা। ফেইসবুকে এ বিষয়ে দেয়া একটি স্ট্যাটাসে পরী দাবি করছেন, সিনেমায় ঝুঁকিপূর্ণ এমন অনেক দৃশ্য ছিল, যে সব দৃশ্যে অভিনয় করতে গিয়ে তার দেহ থেকে রক্ত ঝরেছে।
“অনেক কষ্ট করে শুটিং করেছি রানা প্লাজা ছবির। এত কষ্ট করে আর পরিশ্রম এখন অবধি কোনো ছবিতে করিনি। এখানে আমার চোখের পানি, শরীরের রক্ত সবই ছিল অকৃত্রিম।”
"আসলে এই বিষয়টি নিয়ে কথা শেষ করা হয়তো আমার পক্ষে সম্ভব না। ‘রানা প্লাজা’ কি সবাই সেটা জানি। এখানে আমি ‘রেশমা’চরিত্রে অভিনয় করেছি। আপনাদের হয়তো এখন অনেক রকম কাহিনি চোখে ভাসছে, নিজস্ব ভাবনায় সাজিয়ে ফেলেছেন গল্পটি। কিন্তু কেউ যা জানেন না-ভাবতে পারছেন না, সেটাই হলো ছায়াছবি ‘রানা প্লাজা’।”
আরও বলেন, “তখন নতুন ছিলাম, টেকনিক্যাল অনেক কিছুই বুঝতাম না। কিন্তু সেই চরিত্রটিকে এত ভালভাবে বুঝেছি যে নিজের ভেতর এক রেশমাকে ধারণ করতে গিয়ে অনেক রেশমাকে অনুভব করেছি।”
“এই ছবিতে আমি আমার অভিনয়ের প্রমাণ দিয়েছি ইন্ডাস্ট্রির কাছে। এবার ফলাফল দেবেন আপনারা। শুটিং করার সময় বুঝতেই পারিনি এরকম একটা গল্প কি করে এত শক্তিশালী একটি বিষয়ে পরিণত হয়। যাই হোক, আমি কোনো যুক্তিতর্কে যেতে চাই না, চাই শুধু হলভরা দর্শক।”
“আমার বা পরিচালক-পরিচালক-প্রযোজক-কলাকুশলীদেরই ছবি নয় ‘রানা প্লাজা’। এটি আপনার ছবি, পরিবারের ছবি, দেশের ছবি।তাই দায়িত্বের সঙ্গে ছবিটি দেখুন।”
এর আগে একাধিকবার সিনেমাটির প্রচারে বাধা এসেছে। সিনেমাটির শুটিং শুরু হওয়ার পরই ‘গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করে তুলতে পারে’ এমন অভিযোগ ওঠে এর বিরুদ্ধে। তারপর সেন্সর বোর্ডে যাওয়ার পর রিভিউ কমিটি আপত্তি জানায়। সনদ দেওয়া যাবে না এ মর্মে সিদ্ধান্তও দেয় তারা। পরে এই সিনেমায় ‘ভীতিকর চিত্র’ দেখানো হয়েছে অভিযোগ করে বাংলাদেশ ন্যাশনাল গার্মেন্ট ওয়ার্কার্স এমপ্লয়িজ লীগের সভাপতি সিরাজুল ইসলাম হাই কোর্টে একটি রিট আবেদন করেন। তার আবেদনের ওপর প্রাথমিক শুনানি করে গত ২৪ অগাস্ট হাই কোর্ট এ চলচ্চিত্রের প্রদর্শনী ও সম্প্রচারে ছয় মাসের নিষেধাজ্ঞা দেয়। সেন্সর বোর্ডের দেওয়া সনদের কার্যকারিতাও একই সময়ের জন্য স্থগিত করা হয়। হাই কোর্টের দেয়া নিষেধাজ্ঞা আপিল বিভাগে স্থগিত হয়ে গেছে।
