মাধুরীর চেয়ে কম পারিশ্রমিক পাননি সালমান
‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমায় সালমান খানের চেয়ে বেশি পারিশ্রমিক দেয়া হয় সে সময়ের শীর্ষ নায়িকা মাধুরী দীক্ষিতকে - অনুপম খেরের এই বক্তব্য ঠিক নয় বলে জানিয়েছেন খোদ সালমান।
বলিউডে নায়ক ও নায়িকাদের পারিশ্রমিকের মধ্যে রয়েছে বিস্তর ফারাক। সম্প্রতি নারী অধিকার প্রসঙ্গে কথা বলতে গিয়ে একটি ব্যাতিক্রম তুলে ধরেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।
লিঙ্গ বৈষম্য প্রতিরোধে মাইক্রোব্লগিং সাইট টুইটারে সোচ্চার হয়েছেন অনুপম। এ প্রসঙ্গে আলোচনার এক ফাঁকে নায়ক-নায়িকাদের পারিশ্রমিকের পার্থক্যের কথা তুলে ধরেন এক নারী টুইটার ব্যবহারকারী। তখন অনুপম জানান, ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমায় সালমানের চেয়ে বেশি পারিশ্রমিক দেয়া হয়েছিল মাধুরীকে।
তবে অনুপমের এই বক্তব্য ঠিক নয় বলে জানিয়েছেন সালমান। এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রথমে সালমান বলেন, এ বিষয়টি জানতেন না তিনি।
এরপর সালমান বলেন, "আমার মনে হয়না খবরটি সত্যি। আসলে সবকিছু নির্ভর করে দর্শকের চাহিদার উপর। যদি দর্শক আপনাকে দেখতে চায়, তাহলে আপনার কাজের পরিমাণ বাড়বে, বাজারে আপনার দামও বাড়বে।"
তিনি আরও বলেন, "এখন যদি একজন নায়িকা কিংবা নায়ক একাই প্রযোজককে লাভ উঠিয়ে দিতে পারেন, তাহলে তাকে বেশি পারিশ্রমিক দিতে প্রযোজকেরও আপত্তি থাকবে না।"
'কিছু নায়ক বেশি পারিশ্রমিক পেতে পারেন'।
