২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বাংলাদেশি চ্যানেল ভারতে থাকা প্রয়োজন'

পশ্চিমবঙ্গের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বয়স আজ আশির কোঠায়। অকপটেই জানালেন জীবনের এতটা পথ পাড়ি দিয়েও অভিনয় ছাড়া আর কিছুই ভাবতে পারেন না তিনি। টিভি-চলচ্চিত্র-মঞ্চ তিন মাধ্যমে দাঁপিয়ে বেড়ানো এই অভিনেতা বলছেন, প্রকৃত অভিনেতা তার অভিনয়েই তুলে ধরতে পারেন সমাজ ও রাষ্ট্রব্যবস্থায় নানা চালচিত্র

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2015, 12:10 PM

Updated : 25 Apr 2022, 01:50 PM

শনিবার সকালে শিল্পকলা একাডেমীতে গণমাধ্যম ও সাংস্কৃতিককর্মীদের মুখোমুখি হয়েছিলেন এই শিল্পী। প্রশ্নের জবাব দিতে দিতেই বললেন, “আমি তো এখন অভিনয় ছাড়া কিছু ভাবতেই পারি না। একজন অভিনেতাকে চার অক্ষরের একটি শব্দকে আঁকড়ে রাখতে হয়, তা হলো– ভালবাসা। ভালবাসা ছাড়া কিছু হয় না।"

“অভিনয় যে করবো, সে অঙ্গনের মানুষের ভালবাসা কাড়বো, সে নিয়ে আমার মধ্যে এক ধরনের হীনমন্যতা ছিল। আপনারা নিশ্চয়ই আজকের এই প্রতিষ্ঠিত সৌমিত্রকে দেখে ভাবছেন, এমন একজন লোকের অভিনয়ে আসার ক্ষেত্রে হীনমন্যতা কেন? কারণ, ছেলেবেলায় আমি দেখতে তেমন সুদর্শন ছিলাম না। ভাবতাম সংকোচ ও রুগ্ন দেহ নিয়ে কিভাবে আমি এই পথ পাড়ি দেব?”

এরপর শোনালেন তার অভিনয় জগতে পা রাখার গল্প।

“বাবা একজন সংস্কৃতিমনা মানুষ ছিলেন, অভিনয় ও আবৃত্তির প্রতি ঝোঁক ছিল তার। কিন্তু তখনও অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার প্রশ্নটি ওঠেনি। বেঁচে থাকার অবলম্বন হিসেবে ওকালতি পেশায় নিযুক্ত ছিলেন। আমি বাবাকে অভিনয় আর আবৃত্তিটাই করতে দেখেছি। এ সব দেখেই এক সময় অভিনয় ও আবৃত্তির প্রতি আগ্রহ বাড়ে। বাবা আমাকে বোঝাতেন কীভাবে অভিনয় করতে হয়, আবৃত্তি করতে হয়।”

জানালেন ‘পথের পাঁচালি’ নির্মাণের পর সত্যজিৎ রায় যখন ‘অপরাজিত’ চলচ্চিত্রের জন্য অভিনেতা খুঁজছেন, তখন কেউ একজন তাকে সৌমিত্রর কথা বলেন।

“অভিনয়ের প্রতি আমার তখন বেশ আগ্রহ।  আমি তো গেলাম সত্যজিৎ বাবুর কাছে। তিনি আমাকে দেখামাত্র বললেন, আরে না না তোমার বয়সটা একটু বেশি মনে হচ্ছে।”

সেই সিনেমাতে অভিনয় করা হয়নি সৌমিত্রর। কিন্তু সত্যজিৎ ভুলে যাননি তার কথা। পরের সিনেমা ‘অপুর সংসার’- এর ‘অপু’ চরিত্রের জন্য তাকে ঠিক করে রাখলেন।

“আমার সঙ্গে কোনোরকম কথা না বলেই তিনি সিদ্ধান্ত নিলেন 'অপুর সংসার'-এ আমার কাজ করতে হবে। এভাবেই শুরু। তার পর একের পর এক হাঁটা অভিনয় জগতে। তখন আমি অল ইন্ডিয়া রেডিওতেও কাজ করি।”

অভিনয়ের পাশাপাশি নাট্য রচনা ও নির্দেশনা দিয়েছেন সৌমিত্র। এ নিয়ে  রামেন্দু মজুমদারের এক প্রশ্নের জবাবে  গুণী এ অভিনেতা জানান, ‘প্রয়োজনের তাগিদে’ ত্রিশটির মতো নাটক লিখেছেন তিনি।

নাটকের ভবিষ্যৎ কী - এক গণমাধ্যমকর্মীর প্রশ্নের উত্তরে তিনি বলেন, “অভিজ্ঞতা ও ত্যাগ কখনো বিফলে যায় না। যায়নি অতীতে, ভবিষ্যতেও যাবে না হয়তো। সেই সঙ্গে সমাজ, রাষ্ট্র ও মানুষের জীবনের সঙ্গে মিল রেখে কতটুকু প্রাসঙ্গিক আমাদের নাটক সেটার ওপরও অনেকাংশে নির্ভর করে।”

বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মৈত্রীতে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করেন সৌমিত্র।

“মৈত্রী তৈরির পথে আরও একটি বিষয় ইতিবাচক ভূমিকা রাখতে পারতো, তা হলো বাংলাদেশের চ্যানেলের ব্যবহার। কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতে সেটি নেই। এটাকে আমরা সাংঘাতিক মিস করি। এ দেশের প্রতি প্রচণ্ড আগ্রহ থাকলেও এরকম একটি প্রতিবন্ধকতার কারণে সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি। এটার উত্তরণ জরুরী।”

ভক্তদের কাছে ‘চিরকৃতজ্ঞ’ সৌমিত্র বললেন, “এতগুলো বছর ধরে ভক্তরা নিরলসভাবে আমাকে সমর্থন জুগিয়েছেন। আমাকে সহ্য করেছেন, প্রশ্রয় দিয়েছেন, কখনও আবার তীব্র সমালোচনাও করেছেন। তাদের এই অকুণ্ঠ সমর্থনই তো আমার পুঁজি, আমার জ্বলবার শক্তি। তাদের ভালোবাসাই আমার কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে।”