'কিছু কথা বলে ফেললে গুরুত্ব কমে যায়'
বেশ কিছু দিন ধরেই মুম্বাই সিনেপাড়ায় জোর গুজব - লুকিয়ে প্রেম করছেন আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রা। কিন্তু এ বিষয়ে কিছুতেই মুখ খুলছেন না এ জুটি। সম্প্রতি এ বিষয়ে প্রশ্ন করা হলে সিদ্ধার্থ বলেন, কিছু কথা বলে ফেললে গুরুত্ব কমে যায়।
প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ বলেন, পেশাগত আর ব্যক্তিগত জীবন আলাদা রাখতেই পছন্দ করেন তিনি।
"কিছু কথা যদি বলে ফেলা হয়, সেগুলোর গুরুত্ব কমে যায়। বিশেষত আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে, যা আমার কাছে মূল্যবান এবং পবিত্র। আমি তা নিয়ে যে মন্তব্য করি না কেন, তাতে কিছু যাওয়া আসা উচিৎ নয়। আমি আর আলিয়া যদি পর্দায় প্রেমিক-প্রেমিকা হিসেবে গ্রহণযোগ্য হই, সেটাই যথেষ্ট হওয়া উচিৎ। আমরা আমাদের মূল্যবান সময়ে কি করি তা আমাদের কাছে পবিত্র হওয়া উচিৎ, অন্তত আমার কাছে।”
কারান জোহারের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’-এ একসঙ্গে অভিষেকের পর ‘কাপুর অ্যান্ড সন্স’-এ আবার অভিনয় করছেন এই জুটি। অনেকদিন পরে আলিয়ার সঙ্গে কাজ করা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করলেন সিদ্ধার্থ।
“ ‘স্টুডেন্ট’ (স্টুডেন্ট অফ দ্য ইয়ার)-এর পর আবার আলিয়া আর আমার একসঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা উত্তেজনাকর ছিল। প্রথম সিনেমার পর আমরা অনেক পথ পেরিয়ে এসেছি। আমাদের অভিনয়েও অনেক পরিবর্তন এসেছে।”
‘এক ম্যায় অউর এক তু’র পরিচালক শাকুন বাত্রার নতুন এই সিনেমা নিয়ে সিদ্ধার্থ বলেন, “কাপুর অ্যান্ড সন্স’ খুবই আদুরে একটি কমেডি ড্রামা। এটা একটা ড্রামেডি। এটা একটি অনন্য এবং বিশেষ গল্প নিয়ে তৈরি হচ্ছে। ২০১৬র ১৮ মার্চ এটির মুক্তি নিয়ে আমি বেশ উত্তেজিত।”
‘কাপুর অ্যান্ড সন্স’-এ সিদ্ধার্থ এবং আলিয়া ছাড়াও অভিনয় করেছেন পাকিস্তানি তারকা ফাওয়াদ খান। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে ঋষি কাপুরকে।
