২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফোর্বস তালিকা: বলিউডের কোনো নায়িকা নেই

সম্প্রতি মার্কিন সাময়িকী ফোর্বস প্রকাশ করেছে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকা। অভিনেতাদের তালিকায় শীর্ষ দশেই জায়গা করে নিয়েছিলেন তিন ভারতীয় অভিনেতা। তালিকায় নাম ছিল আরও দুজনের। সেখানে একজনও ভারতীয় অভিনেত্রীকে দেখা যায় অভিনেত্রীদের তালিকায়।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2015, 05:26 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

এর প্রধান কারণ হিসেবে বলিউডে নায়ক ও নায়িকাদের মধ্যে পারিশ্রমিকে বৈষম্যের দিকেই আঙুল তোলা হচ্ছে। মুম্বাই সিনেপাড়ার প্রধান নায়কদের কেউই সিনেমাপ্রতি ৪০ কোটি রুপির কম নিচ্ছেন না, এছাড়াও তারা ভাগ বসাচ্ছেন সিনেমার লভ্যাংশে। সেখানে এই মুহূর্তে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী কাঙ্গানা রানাওয়াত নিচ্ছেন ১১ কোটি রুপি। একের পর এক শত কোটির সিনেমা উপহার দেয়ার পরও দিপিকা পাড়ুকোন ফোর্বসের তালিকায় ঠাঁই করে নিতে পারেননি। জায়গা পাননি আন্তজার্তিক খ্যাতি পাওয়া নায়িকা প্রিয়াঙ্কা চোপড়াও।

অবশ্য নারীকেন্দ্রিক সিনেমার নির্মাতা হিসেবে খ্যাত মধুর ভান্ডারকারের মতে, হিন্দি সিনেমায় নায়িকাদের পারিশ্রমিকের হার অনেকটাই বেড়েছে।

তিনি বলেন, "এখনকার দিনের নায়িকারা আগের দিনের অভিনেত্রীদের চেয়ে অনেক বেশি পারিশ্রমিক পাচ্ছেন। দিপিকা, ক্যাটরিনা, প্রিয়াঙ্কার মত অভিনেত্রীরা প্রত্যেকেই ধীরে সুস্থে নিজেদের জায়গা করে নিচ্ছেন। এটা খুবই আশাব্যঞ্জক।"

পারিশ্রমিক বৈষম্য অবশ্য চোখে পড়ে হলিউডেও। অভিনেতাদের তালিকায় শীর্ষে থাকা রবার্ট ডাউনি জুনিয়রের যেখানে আয় ছিল ৮ কোটি ডলার, সেখানে ৫ কোটি ২০ লাখ ডলার আয় নিয়ে অভিনেত্রীদের তালিকায় এক নম্বর আসনে বসেছেন জেনিফার লরেন্স।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্কারলেট জোহানসনের আয় ছিল ৩ কোটি ৫৫ লাখ ডলার। বিশ্লেষকদের মতে, জোহানসন একজন পুরুষ হলে এই আয়ের হিসেবে অভিনেতাদের তালিকায় তার স্থান হতো ছয় কিংবা সাত নম্বরে। 

শুধু তাই নয়, যেখানে অভিনেতাদের তালিকায় প্রথম ১০ জনের আয় ছিল ৮ কোটি থেকে ৩ কোটির মধ্যে, সেখানে অভিনেত্রীদের আয়ের সীমা ছিল ৫ থেকে ১ কোটি।

এছাড়াও তালিকায় থাকা অভিনেত্রীদের মধ্যে মাত্র চার জন বিজ্ঞাপনে কাজ করে ২ কোটি ডলারের বেশি আয় করেছেন। অপরদিকে অভিনেতাদের তালিকায় এমন ২১ জন ছিলেন।

চলতি বছর অস্কার আসরে পারিশ্রমিক বৈষম্যের প্রসঙ্গ তুলেছিলেন ‘বয়হুড’ খ্যাত অভিনেত্রী প্যাট্রিসিয়া আকর্োয়েট। তার মতকে সমর্থন দিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী মেরিল স্ট্রিপ।

হিলারি সোয়াঙ্ক, শার্লিজ থেরনের পর সম্প্রতি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন নাটালি পোর্টম্যানও। ‘টাইটানিক’ সিনেমার উদাহরণ দিয়ে মেরি ক্লেয়ার ম্যাগাজিনকে তিনি বলেন, "সিনেমাটির সাফল্যের পর এক লাফে নিজের পারিশ্রমিক ২ কোটি ডলার হেঁকে বসেন লিওনার্দো ডি ক্যাপ্রিও, কিন্তু কেট উইন্সলেট তা করতে পারেননি।"