সবচেয়ে দামী নায়িকা কাঙ্গানা!
হিন্দি সিনেমার অভিনেত্রীদের মধ্যে এই মুহূর্তে তিনিই সবচেয়ে বেশি পারিশ্রমিক হাঁকাচ্ছেন কাঙ্গানা রানাওয়াত। ‘কুইন’ আর ‘তানু ওয়েডস মানু’র সাফল্যের পর নিজের এই চড়া পারিশ্রমিক পাওয়াটাকে ন্যায্য বলেই দাবি করছেন তিনি।
সম্প্রতি শোনা যায়, নতুন এক সিনেমার জন্য ১১ কোটি রুপি পারিশ্রমিক চেয়েছেন কাঙ্গানা। তার নতুন সিনেমা ‘কাট্টি বাট্টি’র সহ-তারকা ইমরান খানের সঙ্গে এক রেডিও অনুষ্ঠানে উপস্থিত হলে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে।
তখন কাঙ্গানা বলেন, “আমার মনে হয়, আমি যে ধরনের চরিত্রে কিংবা সিনেমায় অভিনয় করি, সেগুলোতে আক্ষরিক অর্থেই এক বছর সময় লাগে... সুতরাং আমি মনে করি এটা ন্যায্য।”
নিখিল আদভানির পরিচালনায় রোমান্টিক কমেডি ‘কাট্টি বাট্টি’ মুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর।
