শাহরুখের নায়িকা হবেন আলিয়া
‘ইংলিশ-ভিংলিশ’ খ্যাত নির্মাতা গৌরি শিন্ডের পরবর্তী সিনেমায় শাহরুখ খানের বিপরীতে অভিনয় করবেন আলিয়া ভাট। মাইক্রোব্লগিং সাইট টুইটারে সিনেমাটির প্রযোজক কারান জোহারের টুইটের পর আলিয়া নিজেও উচ্ছ্বাসে ভরা টুইটে নিশ্চিত করেছেন খবরটি।
“আমার ইংলিশ ভিংলিশ নিয়ে আর কোনো সমস্য থাকবে না... গৌরি শিন্ডের পরিচালনায় স্বয়ং শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের জন্য তর সইছে না।”
এর আগে সুখবরটি বুধবারে সবাইকে জানান কারান। কারানের ধার্মা প্রোডাকশন্সের পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করবে শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট।
“রেড চিলিজ এন্টারটেইনমেন্ট, ধার্মা এবং হোপ প্রোডাকশন্স গর্বের সঙ্গে পেশ করছে গৌরি শিন্ডের পরবর্তী সিনেমা; যেখানে অভিনয় করবেন শাহরুখ খান এবং আলিয়া ভাট।”
শাহরুখের বিপরীতে এটাই হতে যাচ্ছে আলিয়ার প্রথম সিনেমা। এই মুহূর্তে তিনি ব্যস্ত আছেন ‘শানদার’, ‘উড়তা পাঞ্জাব’ এবং ‘কাপুর অ্যান্ড সন্স’ সিনেমার কাজ নিয়ে। ওদিকে শাহরুখের হাতে আছে ‘রাইস’, ‘দিলওয়ালে’ এবং ‘ফ্যান’-এর কাজ।
