২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৫টি ঐতিহাসিক প্রত্যাখ্যান

কেমন হতো, যদি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’তে শাহরুখ খানের বদলে কাজলের সঙ্গে অভিনয় করতে দেখা যেত সাইফ আলি খানকে? কিংবা 'চাক দে ইন্ডিয়া' সিনেমায় শাহরুখ খানের জায়গায় থাকতেন সালমান খান?

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 02:34 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

এরকমটা হতেই পারতো, যদি না শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল না করতেন হিন্দি সিনেমার এই তারকারা। সে রকমই বিখ্যাত ১৫ প্রত্যাখানের গল্প নিয়ে এই প্রতিবেদন।

১. সাইফ আলি খান, 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে'

অবিশ্বাস্য হলেও সত্যি যে, ১৯ বছর আগে আদিত্য চোপড়া তার প্রথম সিনেমাটির নায়ক হিসেবে প্রথমে পছন্দ করেছিলেন সাইফ আলি খানকে। নবাব সাহেব প্রত্যাখান করাতেই রাজ চরিত্রটিতে অভিনয়ের সুযোগ পেয়ে যান শাহরুখ খান। বাকিটা ইতিহাস।

২. হৃত্বিক রোশান, 'দিল চাহতা হ্যায়'

অনেকের মতেই আধুনিক হিন্দি সিনেমার মোড় ঘুড়িয়ে দেওয়া ফারহান আখতারের ‘দিল চাহতা হ্যায়’ সিনেমাটিতে আকাশ চরিত্রটিতে আমির খান নয়, হৃত্বিক রোশানের অভিনয় করার কথা ছিল । হৃত্বিক এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে গ্রহণ করেছিলেন ‘ম্যায় প্রেম কি দিওয়ানি হু’ সিনেমাটিকে।

৩. কারিনা কাপুর খান, 'গোলিও কি রাসলিলা: রাম-লিলা'

এই সিনেমায় সাঞ্জায় লিলা ভানসালির প্রথম পছন্দ ছিলেন কারিনা কাপুর খান। লিলা চরিত্রের বেশ কিছু অংশের শুটিংও করে ফেলেছিলেন তিনি। তবে হঠাৎ করেই সিদ্ধান্ত বদল করেন তিনি। আর ভাগ্যের দরজা খুলে যায় দিপিকা পাড়ুকোনের জন্য।

৪. ক্যাটরিনা কাইফ, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’

আয়ান মুখার্জির ব্লকবাস্টার হিট সিনেমা ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’তে সাবেক প্রেমিক রানবির কাপুরের সঙ্গে অভিনয় করে দর্শকের মন জয় করেছিলেন দিপিকা পাড়ুকোন। মজার ব্যাপার হলো, প্রথমে এই সিনেমায় অভিনয়ের কথা ছিল রানবিরের বর্তমান প্রেমিকা ক্যাটরিনা কাইফের!

৫. রানবির কাপুর, 'ডেলি বেলি'

ইমরান খান নয়, হিন্দি এই ডার্ক কমেডির জন্য নির্মাতার প্রথম পছন্দ ছিলেন রানবির কাপুর। কিন্তু সিনেমার সংলাপে গালির ব্যবহার থাকার কারণে প্রস্তাবটি ফিরিয়ে দেন তিনি।

৬. শত্রুঘ্ন সিনহা, 'শোলে'

রমেশ সিপ্পির কালজয়ী সিনেমাটিতে অমিতাভ বচ্চনের যায়গায় অভিনয়ের কথা ছিল তারই বন্ধু শত্রুঘ্ন সিনহার। অমিতাভ-ধর্মেন্দ্রর জয়-ভিরু জুটি তাহলে অন্য রকমই হতো।

৭. টুইঙ্কেল খান্না, 'কুছ কুছ হোতা হ্যায়'

‘কুছ কুছ হোতা হ্যায়’র টিনা চরিত্রে অভিনয় করেই হিন্দি সিনে জগতে প্রতিষ্ঠা পেয়েছিলেন রানি মুখার্জি। এসবের কিছুই হতো না, যদি কারান জোহারের প্রস্তাবে সিনেমাটির জন্য প্রথমেই হ্যাঁ বলে দিতেন টুইঙ্কেল খান্না।

৮. ড্যানি ডেনজঙ্পা, 'শোলে'

গাব্বার সিং-এর নাম শুনলেই আজ চোখের সামনে ভেসে ওঠে আমজাদ খানের খুনে উপস্থিতি। এই অবস্থানটাই নিজের করে নিতে পারতেন ড্যানি ডেনজঙ্পা; নির্মাতাদের প্রস্তাবে সায় দিয়ে।

৯. আক্শায় কুমার, 'ভাগ মিলখা ভাগ'

ভারতের অলিম্পিক পদকজয়ী দৌড়বিদ মিলখা সিং-এর জীবনীভিত্তিক সিনেমায় অভিনয় করে একের পর এক অ্যাওয়ার্ড ঘরে তুলেছেন ফারহান আখতার। তবে নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন আক্শায় কুমার। আকশায়ের ফিরিয়ে দেওয়া চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন ফারহান।

১০. শাহরুখ খান, 'রাঙ দে বাসান্তি'

সিনেমাটিতে বিদ্ধস্ত বিমানের চালক অজয় রাথোড়ের ভূমিকায় মাধাভান নয়, অভিনয়ের কথা ছিল শাহরুখ খানের। এমনটি হলে বহুদিন পরে একই সিনেমায় আমির এবং শাহরুখ- দুই খানের উপস্থিতির স্বাদ নিতে পারতেন দর্শকরা।

১১. দেব আনন্দ, 'জাঞ্জির'

অমিতাভ বচ্চন এই সিনেমায় অভিনয় করেই অর্জন করেছিলেন ‘অ্যাংরি ইয়াং ম্যান’-এর তকমা। অথচ প্রথমে এই চরিত্রে অভিনয়ের কথা ছিল দেব আনন্দের।

১২. অমিতাভ বচ্চন, ‍'মিস্টার ইন্ডিয়া'

শ্রীদেবীর সঙ্গে অদৃশ্য মানবের বেশে অনিল কাপুরের রোমান্স করা হতো না, যদি চরিত্রটির জন্য প্রথমেই হঁ্যা বলে দিতেন অমিতাভ বচ্চন। বিগ বির প্রত্যাখানেই ভাগ্যের দুয়ার খুলে গিয়েছিল অপেক্ষাকৃত কম জনপ্রিয় অনিলের।

১৩. কাজল, 'ভির-যারা'

ইয়াশ চোপড়ার বিশাল ক্যানভাসের এই সিনেমাটির জন্য শাহরুখ খানের বিপরীতে কাজলই ছিলেন প্রথম পছন্দ। তার প্রত্যাখানেই যারা হওয়ার সুযোগ পান প্রিতি জিনটা।

১৪. ভিভেক ওবেরয়, 'হাম-তুম'

রানি মুখার্জির বিপরীতে ‘হাম-তুম’ সিনেমার মাধ্যমেই আরো একবার নিজের ক্যারিয়ারকে বাঁচিয়ে তুলেছিলেন সাইফ আলি খান। অথচ প্রথমে এই চরিত্রে অভিনয়ের কথা ছিল ভিভেক ওবেরয়ের।

১৫. সালমান খান, 'চাক দে ইন্ডিয়া'

ভারতীয় নারী হকি দলের কোচ কবির খানের চরিত্রে অভিনয় করাটা ছিল শাহরুখের ক্যারিয়ারের অন্যতম সাফল্য। আর সেজন্য বন্ধু সালমান খানকে ধন্যবাদ দিতেই পারেন তিনি। তার প্রত্যাখানের কারণেই যে, এই সিনেমায় অভিনয়ের সুযোগ পান তিনি।