২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গণমাধ্যমের উপর চটেছেন প্রিতি

আইপিএলে নিজের দলের খেলোয়াড়দেরকে ম্যাচ পাতানো নিয়ে সন্দেহ করছেন প্রিতি জিনটা - সম্প্রতি এমন খবর এসেছে ভারতীয় গণমাধ্যমে। আর এতেই দারুণ চটেছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2015, 01:29 PM

Updated : 25 Apr 2022, 01:45 PM

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই-এর সঙ্গে প্রিতির সাক্ষাতের পর অনেকেই দাবি করেন, আইপিএলে নিজের দল কিংস ইলেভেন পাঞ্জাবের খেলোয়াড়দের ‘সন্দেহজনক আচরণ’ নিয়ে কথা বলেছেন তিনি। এর থেকে শোনা যাচ্ছিলো নিজের দলের ক্রিকেটারদের বিরূদ্ধেই ম্যাচ পাতানোর অভিযোগ এনেছেন তিনি। কিন্তু প্রিতি সাফ জানিয়ে দিলেন, এগুলো মনগড়া খবর।

একের পর এক টুইটে বিষয়টি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন প্রিতি। প্রধম টুইটে ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, “ইন্ডিয়ান এক্সপ্রেসের এ রকম চরম দায়িত্বজ্ঞানহীণ, ক্ষতিকর এবং অসত্য খবর দেখে স্তব্ধ হয়ে গেছি।”

এরপর এপিবি নিউজের আরেকটি প্রতিবেদন তুলে ধরে তিনি বলেন, “যাচাই না করেই মিথ্যা খবর ছড়ানো বন্ধ করুন।”

পরের টুইটগুলোতে প্রিতি নিশ্চিত করেন, বিসিসিআই-এর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল ঠিকই। কিন্তু সেখানে নিজের দলকে নিয়ে এমন কিছু বলেননি তিনি।

“আমি বিসিসিআইকে খেলোয়াড়দের র‌্যান্ডম পলিগ্রাফ টেস্ট (মিথ্যা নির্ণয় পরীক্ষা) করার পরামর্শ দিয়েছি, যাতে কেউ ম্যাচ পাতানোর কথা চিন্তাও না করতে পারে। “

পরের টুইটে তিনি আরও লেখেন, “এই খেলায় সত্যিকারের পরিবর্তন আনার জন্য একটি গঠনমূলক আলোচনাকে ক্ষতিকর প্রতিবেদনে পরিণত করা হয়েছে।”

২০০৮ সালে ভারতের ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল-এর জন্মলগ্ন থেকেই এতে অংশ নিচ্ছে কিংস ইলেভেন পাঞ্জাব, যার অন্যতম মালিক অভিনেত্রী প্রিতি জিনটা। সম্প্রতি আইপিএলভুক্ত দলগুলোর বিরূদ্ধে ব্যাপক হারে ম্যাচ পাতানোর অভিযোগ উঠে আসছে, যার জের ধরে চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসের মতো দল দুই বছরের জন্য নিষিদ্ধ ঘোষিত হয়েছে।