২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টার সিনেপ্লেক্সে ‘সর্বাধুনিক’ প্রযুক্তির আরও দুই হল

‘সর্বাধুনিক’ প্রযুক্তি নিয়ে আরও দুটি নতুন প্রেক্ষাগৃহের যাত্রা শুরু হয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 08:37 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

নতুন দুই প্রেক্ষাগৃহেই দর্শকদের জন্য ‘ভিআইপি সিটিং’র পাশাপাশি সিস্টেম থাকছে। এই ধরনের সাউন্ড সিস্টেম দেশের কোনো প্রেক্ষাগৃহে এই প্রথম।

 

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মঙ্গলবার বসুন্ধরা সিটির লেভেল-৮ এ নতুন দুই প্রেক্ষাগৃহের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, “চলচ্চিত্র জগৎ শক্তিশালী হলে সংস্কৃতি জগত আরও শক্তিশালী হবে। এক সময় চলচ্চিত্র জগতে অন্ধকার সময় নেমে এসেছিল, বর্তমান সরকার এ অবস্থার উন্নতি করে সুস্থ ধারা পুনরুজ্জীবিত করেছে। দেশের হলগুলোকে নতুনভাবে সাজিয়ে শুরু করার চেষ্টাও করা হচ্ছে।”

গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, “ছাত্রজীবনে সিনেমা হলে গিয়ে একটি সিনেমা দেখলে মনটা পরিষ্কার হয়ে যেত। এক সময় এই সিনেমা হলগুলো দর্শকশূন্য হয়ে গেল। স্টার সিনেপ্লেক্স সেই অবস্থা কাটিয়ে উঠে নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে পারছে।”

স্টার সিনেপ্লেক্সের এসব উদ্যোগে দেশের চলচ্চিত্র প্রাণ ফিরে পাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

শো মোশন লিমিটেড ও স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, “যেখানে দেশের অনেক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাচ্ছে সেখানে স্টার সিনেপ্লেক্সের আরও দুটি হলের সংযোজন সিনেমা ইন্ডাস্ট্রি এবং দর্শকদের জন্য নতুন বার্তা বলে মনে করি।”

চলচ্চিত্র দর্শকদের জন্য এমন আরও প্রেক্ষাগৃহ করার পরিকল্পনার কথা জানান তিনি।

অনুষ্ঠানে বলা হয়, স্টার ভিআইপি ও স্টার প্রিমিয়াম নামে হল দুটিতে সর্বাধুনিক প্রযুক্তির ‘ভিআইপি সিটিং-ডলবি অ্যাটমস সাউন্ড’ সিস্টেমসহ নানা নতুনত্ব থাকছে, যা বাংলাদেশের দর্শকদের দিবে সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা।

জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন কোম্পানির কর্মকর্তা ও শোবিজের শীর্ষস্থানীয় তারকারা উপস্থিত ছিলেন।

ছবিঘর দেখতে ক্লিক করুন