২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫০০ কোটির পথে ‘বাজরাঙ্গি ভাইজান’

বক্স-অফিসে ‘বাজরাঙ্গি ভাইজান’-এর জয়রথ চলছেই। মুক্তির চার সপ্তাহ পেরিয়ে গেলেও সদর্পে সিনেমা হলগুলোতে চলছে সালমান খান অভিনীত সিনেমাটি। এদিকে বিশ্বব্যাপী এর মধ্যেই ৪৯২ কোটি রুপি ব্যবসা করে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 03:07 PM

Updated : 22 Aug 2022, 01:02 PM

৯০ কোটি রুপি বাজেটে নির্মীত কবির খান পরিচালিত সিনেমাটি ভারতের অভ্যন্তরে আয় করে নিয়েছে ৩১৬ কোটি রুপির বেশি। কোইমোই ডটকম বলছে, এর মাধ্যমে মূলধনের আড়াইশ শতাংশের বেশি ব্যবসা করেছে সিনেমাটি।

তারান আদাশর্ টুইট করে জানান,  চার সপ্তাহে বিশ্বব্যাপী সিনেমাটি আয় করেছে ১৭৫ কোটি রুপির বেশি। সব মিলিয়ে এখন ‘বাজরাঙ্গি ভাইজান’-এর মোট সংগ্রহ ৪৯২ কোটি রুপি।

সালমান ভক্তদের উৎসাহ অবশ্য অনেক বেশি। টুইটার, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে এর মধ্যেই তারা শুরু করে দিয়েছে #বাজরাঙ্গিভাইজানসিক্সহান্ড্রেডক্রোরওয়ার্ল্ডওয়াইড লেখা হ্যাশট্যাগের ট্রেন্ডিং। টুইটারে এরকম বিভিন্ন গ্রুপ থেকে দাবি করা হচ্ছে এর মধ্যেই বিশ্বব্যাপি ৬০০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে সিনেমাটি।

ভারতে হারিয়ে যাওয়া এক পাকিস্তানি শিশুর ঘরে ফেরার গল্প নিয়ে তৈরি সিনেমাটিতে সালমান ছাড়াও অভিনয় করেছেন কারিনা কাপুর খান, হারশালি মালহোত্রা এবং নাওয়াজউদ্দিন সিদ্দিকি।