তিন দিনেই ৫০ কোটি আয় ‘ব্রাদার্স’-এর
মুক্তি পেয়েই বছরের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়া ‘ব্রাদার্স’ আরও একটি রেকর্ড ঝুলিতে পুরেছে। মুক্তির তিন দিনের মাথাতেই অর্ধশত কোটি রুপির বেশি আয়ের কৃতিত্ব দেখালো আক্শায় কুমার ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত সিনেমাটি।
তিন দিনেই ৫২ কোটি ৮ লাখ রুপি আয় করে সিনেমাটি এখন চলতি বছরের দ্বিতীয় দ্রুততম ৫০ কোটি আয়ের রেকর্ড দখলে নিয়েছে।
১৪ অগাস্ট মুক্তি পেয়ে ১৫ কোটি ২০ লাখ রুপি আয় করে নিয়ে বছরের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছিল সিনেমাটি। পরের দিন ভারতের স্বাধীনতা দিবসের ছুটি থাকায় ২১ কোটি ৪৩ লাখ রুপি ব্যবসা করে সিনেমাটি। রবিবার আয়ের অঙ্ক কমে দাঁড়ায় ১৫ কোটি ৪২ লাখ রুপিতে। সব মিলিয়ে প্রথম তিন দিনে ‘ব্রাদার্স’-এর সংগ্রহ দাঁড়ায় ৫২ কোটি ৮ লাখ রুপি।
এর মাধ্যমে সিনেমাটি চলতি বছর সিদ্ধার্থ মালহোত্রা এবং আক্শায় কুমারের সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ড গড়েছে। ধার্মা প্রোডাকশন্স এবং ফক্স স্টার স্টুডিওজের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন কারান মালহো্ত্রা। মার্কিন সিনেমা ‘ওয়ারিয়র্স’-এর আনুষ্ঠানিক হিন্দি রিমেইক এই সিনেমাটি।
