বাস্তবের মহানায়ক হয়েও পর্দায় অনুপস্থিত
ছায়াঢাকা পাখিডাকা এক ছোট্ট সবুজ গ্রাম। সে গ্রামের এক কিশোর, স্বপ্নের অঞ্জন তার চোখে।
পদ্মাপাড়ের স্বপ্নময় এক কিশোর থেকে জাতির জনক হয়ে ওঠা, হয়ে ওঠা ইতিহাসের মহানায়ক - বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবন তো সিনেমার চেয়েও অনেক বেশি চমকপ্রদ ও নাটকীয়। অথচ রাজনীতির এ মহানায়কের জীবনী নিয়ে আজও পর্যন্ত বাংলা ভাষায় কোনো পূর্ণাঙ্গ কাহিনিচিত্র নির্মিত হয়নি। তবে বেশ কিছু তথ্যচিত্রে দেখা গেছে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ, যুদ্ধবিধ্বস্ত দেশে বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন ও অন্যান্য গুরুত্বপূর্ণ ঘটনার ভিডিও। কয়েকটি কাহিনিচিত্রে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের ভিডিও ব্যবহার করা হয়েছে। তার বজ্রকণ্ঠ এবং স্থিরচিত্র ব্যবহার করা হয়েছে মুক্তিযুদ্ধভিত্তিক বিভিন্ন সিনেমায়।
প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলামের ‘সংগ্রাম’ ছবির একটি দৃশ্যে বঙ্গবন্ধু অভিনয় করেছিলেন। চাষী নজরুল ইসলাম এক স্মৃতিচারণে সেই ঘটনা বর্ণনা করেছিলেন। মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটির নায়ক ছিলেন কামরুল আলম খান খসরু। ছবির চিত্রনাট্যে ছিল মুক্তিযুদ্ধের পর সদ্য স্বাধীন বাংলাদেশের সামরিক বাহিনীর সঙ্গে নায়ক খসরু জাতির জনক বঙ্গবন্ধুকে স্যালুট করছে।এই দৃশ্যটি কিভাবে ধারণ করা যায় তা নিয়ে চিন্তিত হয়ে পড়েন চাষী নজরুল ইসলাম। কারণ বঙ্গবন্ধুর ভূমিকায় কোনো অভিনেতার কথা ভাবতে পারছিলেন না তিনি। অবশেষে তিনি এবং খসরু তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আবদুল মান্নানের সহয়োগিতা চান। খসরু নিজেও ছিলেন মুক্তিযোদ্ধা এবং ছাত্রলীগের কর্মী। আবদুল মান্নানের সহযোগিতায় খসরু এবং চাষী নজরুল ইসলাম বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করে তাকে অনুরোধ করেন ছবির সেই দৃশ্যে অভিনয় করতে। বঙ্গবন্ধু প্রথমে বিষয়টি হেসে উড়িয়ে দিলেও পরে সকলের সর্নিবন্ধ অনুরোধে রাজি হন।
এর কিছুদিন পর পিলখানায় সেনাবাহিনীর একটি অনুষ্ঠান ছিল। সেখানে মার্চপাস্ট হবে, বঙ্গবন্ধু অভিবাদন গ্রহণ করবেন। স্থির হলো সেই অনুষ্ঠানেই সিনেমার শুটিং করে নিতে হবে। নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে কুচকাওয়াজ শুরু হলো। এর মধ্যে খসরুকে মুক্তিযোদ্ধার পোশাক পরিয়ে শুটিং শুরু হয়। মঞ্চে বঙ্গবন্ধু দাঁড়ালেন। তার পিছনে সারি বেঁধে বসলেন জিয়াউর রহমান, কে এম সফিউল্লাহ, খালেদ মোশাররফসহ সেনাবাহিনীর প্রধান কর্মকর্তারা। পরিচালকের কথা মতো স্যালুট গ্রহণের জন্য হাত তুলে দাঁড়ালেন বঙ্গবন্ধু। কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলেন, আর কতক্ষণ এভাবে হাত তুলে দাঁড়াতে হবে? ততোক্ষণে অবশ্য শুটিং শেষ হয়েছিল| এই ঐতিহাসিক ছবিটি মুক্তি পায় ১৯৭৪ সালে।
বঙ্গবন্ধু বাংলা চলচ্চিত্রের উন্নতির প্রতি গুরুত্ব আরোপ করতেন। বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন সংস্থা এফডিসির প্রতিষ্ঠাতাও তিনি। ১৯৫৭ সালের ৩ এপ্রিল তৎকালীন পূর্ব পাকিস্তানের শিল্পমন্ত্রী ছিলেন শেখ মুজিবর রহমান। তার হাত ধরেই ইপিএফডিসি (ইস্ট পাকিস্তান ফিল্ম ডেভেলপমেন্ট কর্পারেশন) প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতার পর বাংলাদেশের চলচ্চিত্রের উন্নয়নের প্রতি গুরুত্ব দেন বঙ্গবন্ধু। অথচ এই প্রতিষ্ঠান থেকে আজও পর্যন্ত বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক কোনো ছবি নির্মিত হয়নি। মহাত্মা গান্ধী, চে গুয়েভারা, ভিআই লেনিন, আব্রাহাম লিংকনসহ বিশ্বের মহান জননেতাদের অনেককে নিয়েই নির্মিত হয়েছে বায়োপিক। অথচ বঙ্গবন্ধুর মতো এমন একজন মহান নেতার জীবন নিয়ে বাংলাদেশে চলচ্চিত্র নির্মিত না হওয়ার ব্যর্থতার ভারও আজও বয়ে বেড়াচ্ছেন নির্মাতারা।
বেশ কয়েক বছর আগে কবি ও সাংবাদিক আবদুল গাফ্ফার চৌধুরী বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। সেই সিনেমাটির নাম স্থির হয়েছিল, ‘দ্য পোয়েট অব পলিটিক্স’। বঙ্গবন্ধুর ভূমিকায় অমিতাভ বচ্চন অভিনয় করবেন এমনটিও শোনা গিয়েছিল। কিন্তু পরবর্তীতে সিনেমাটি নির্মিত হয়নি। এর আগে আবদুল গাফ্ফার চৌধুরী ‘পলাশি থেকে ধানমন্ডি’ নামে একটি ডকুড্রামা নির্মাণ করেন। প্রথমে এটি ছিল মঞ্চ নাটক। পরবর্তীতে এটিকে চলচ্চিত্রে রূপদান করা হয়। এই ছবির কাহিনি, সংলাপ ও পরিচালনা ছিল গাফ্ফার চৌধুরীর। ছবিতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন পীযুষ বন্দ্যোপাধ্যায়। আরও অভিনয় করেছিলেন লায়লা হাসান (বেগম মুজিব), উর্মি মাজহার (শেখ হাসিনা), বিশ্বরূপ বনিক (শেখ কামাল) প্রমুখ। ছবির মূল বিষয় ছিল ১৫ই অগাস্টের শোকাবহ ঘটনা। ছবিটি ১৯৭৫ সালের ঘটনাপ্রবাহ দিয়ে শুরু হয় এবং ১৫ই অগাস্টের কালরাতের হত্যাকাণ্ড দিয়ে শেষ হয়। তবে ছবিটির পরিচালনা, সংলাপ এবং অভিনয় ছিল দুর্বল। কল্পনা ও সত্যের মিশ্রণে চিত্রনাট্য তৈরি হয়েছিল। এবং কিছু কিছু তথ্যে অসংগতি ছিল। এসব কারণে ছবিটি প্রার্থিত মানে মোটেই পৌঁছাতে পারেনি।
শেক্সপিয়রের নাটক ‘জুলিয়াস সিজার’ অবলম্বনে সৈয়দ শামসুল হক ১৫ই অগাস্ট বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড নিয়ে ‘গণনায়ক’ নাটক লেখেন। একাধিক দল নাটকটির সফল মঞ্চায়ন করে। কিন্তু বঙ্গবন্ধুর সমগ্র জীবন নিয়ে কোনো নাটক এখনও লেখা হয়নি।
কিছুদিন আগে সার্ক চলচ্চিত্র সাংবাদিক ফোরাম আয়োজিত ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের চলচ্চিত্র’ শীর্ষক এক আলোচনা সভায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মোহাম্মদ ফজলে রাব্বি মিয়া ঘোষণা করেন যে, বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চলচ্চিত্র নির্মিত হলে তাতে সব রকমের সহযোগিতা দেবে সরকার। কিন্তু কোনো সাহসী নির্মাতার হাতে এখনও পর্যন্ত নির্মিত হয়নি তেমন কোনো ছবি।
