২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ওজন কমাতে বললে না করে দেই'

ছোট ও বড় পর্দায় তার সমান বিচরণ। বাঙালি দর্শকদের চেনা মুখ পশ্চিমবঙ্গের শ্রীলেখা মিত্র বলছেন, দৈহিক গড়ন নিয়ে কখনোই মাথা ঘামান না তিনি। বরং মোটা গড়নের জন্যই তাকে আবেদনময়ী মনে হয় বলে সাফ জানিয়ে দিলেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2015, 06:08 PM

Updated : 22 Aug 2022, 01:01 PM

পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজারকে দেয়া সাক্ষাৎকারে শ্রীলেখা বলেন, “আই লাভ মাই কার্ভস। পুরুষরা তার জন্যই আজও আমায় ফ্যান্টাসাইজ করে। হঠাৎ কোনো পরিচালক এসে যদি বলে অভিনয়ের জন্য এক মাসে ১০ কেজি কমাতে হবে, আমি ‘না’ বলে দিই।”

“আমি একেবারেই ফিগার সচেতন নই। ‘মীরাক্কেল’-এ শর্ট ড্রেস, স্প্যাগেটি ক্যারি করেছি। অনীকদা বলতেন নো মেক আপ লুক যেমন আমাকে মানায়, তেমনই গ্ল্যামারাস লুক। সম্প্রতি মোটা মেয়ের রোগা হওয়া নিয়ে যে ছবি হল, সেখানে তো আমাকে নেওয়া উচিত ছিল। গ্ল্যামারাস কোনো নায়িকাকে ডি-গ্ল্যাম করার কী দরকার ছিল?”

শ্রীলেখা অভিনীত ‘চৌকাঠ’ মুক্তি পেয়েছে গত সপ্তাহে। মধ্যবয়সী দম্পতির টানাপড়েনকে ঘিরে সিনেমার কাহিনি।

চল্লিশোর্ধ এই শিল্পী অভিনয়জীবনের শুরুতে যৌথ প্রযোজনার দুটি জনপ্রিয় সিনেমা ‘বাবা কেন চাকর’ ও ‘হঠাৎ বৃষ্টি’তে কাজ করে জনপ্রিয়তা পান। 

‘জীজীবিষা’ ‘ভূতের ভবিষ্যত’, ‘হাউসফুল’, ‘হ্যালো কলকাতা’, ‘টলি লাইটস’, ‘তুমি রবে নীরবে’ ইত্যাদি সিনেমায় অভিনয়ে দৃষ্টি কাড়েন শ্রীলেখা।

নিজের অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনবার পুরস্কৃত হয়েছেন। তবু আক্ষেপ করে তিনি বলেছেন, “ইন্ডাস্ট্রি আমাদের মতো অভিনেতাদের ঠিক ভাবে ব্যবহার করতে পারেনি।”