এখনও শীর্ষে 'মিশন ইম্পসিবল: রৌগ নেশন'
যুক্তরাষ্ট্রের বক্স-অফিসে দ্বিতীয় সপ্তাহের মতো রাজত্ব করছে 'মিশন ইম্পসিবল' সিরিজের নতুন কিস্তি ‘মিশন ইম্পসিবল ফাইভ: রৌগ নেইশন’।
সদ্য মুক্তি পাওয়া ‘ফ্যান্টাস্টিক ফোর’ও দমাতে পারেনি টম ক্রুজ অভিনীত এই স্পাই থ্রিলারের জনপ্রিয়তাকে। শুধু দ্বিতীয় সপ্তাহেই যুক্তরাষ্ট্রে সিনেমাটি আয় করেছে ২ কোটি ৯৪ লাখ ডলার।
বাণিজ্য বিশ্লেষকদের মতে, প্রথম সপ্তাহের তুলনায় আয়ে ভাটা পড়েছে ৪৭ শতাংশ। তবে দুই সপ্তাহে ১০ কোটি ছাড়িয়েছে টিকিটের বিক্রি। মুক্তির প্রথম দশ দিনেই সিনেমাটি আয় করেছে ১০ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার।
বক্স-অফিসে দ্বিতীয় অবস্থানে আছে ‘ফ্যান্টাস্টিক ফোর’। প্রায় চার হাজার সিনেমা হলে একযোগে মুক্তি পেয়ে প্রথম সপ্তাহে ২ কোটি ৬২ লাখ ডলার ব্যবসা করেছে সিনেমাটি।
তবে ২০০৫ সালের ‘ফ্যান্টাস্টিক ফোর’-এর তুলনায় এবার বক্স-অফিসে তেমন একটা সাড়া পায়নি সিনেমাটি। বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, ৫৩ দশমিক ৩ শতাংশ কম দর্শক সমাগম হয়েছে এবারের পর্বে।
মার্কিন এবং কানাডীয় বক্স-অফিসে এ সপ্তাহে সেরা দশ সিনেমার তালিকায় আরও আছে, ‘ভেকেশন’ (৯১ লাখ ডলার), ‘অ্যান্ট ম্যান’ (৭৮ লাখ ডলার), ‘মিনিয়নস’ (৭৪ লাখ ডলার), ‘রিচি অ্যান্ড দ্য ফ্ল্যাশ’ (৭০ লাখ ডলার),‘ট্রেইনরেক’ (৬৩ লাখ ডলার), ‘পিক্সেলস’ (৫৪ লাখ ডলার), ‘সাউথপ’ (৪৮ লাখ ডলার)।
