'অভিনয় প্রতিভা নিয়েই জন্মায় নারী'
ঢাকাই সিনেমার নবাগত অভিনেত্রী তামান্না তিফ শুদ্ধতা। মনে করেন, ঈশ্বর নারীকে দিয়েছেন অভিনয়ের সহজাত ক্ষমতা। আর সেই আত্মবিশ্বাস থেকেই বছরখানেক র্যাম্প মডেলিং আর দুটি টেলিফিল্মে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে নাম লিখিয়েছেন চলচ্চিত্রে।
সম্প্রতি গ্লিটজের সঙ্গে আলাপে বললেন, "নারীরা অভিনয় প্রতিভা নিয়েই জন্মগ্রহণ করেন, তা ঈশ্বরপ্রদত্ত। সেই অভিনয়কে নানা ঢঙে পর্দায় উপস্থাপনের কলাকৌশলই জানা থাকলেই নায়িকা হওয়া যায়।”
ষোড়শী তরুণীটির ইচ্ছা ছিলো, মস্ত বড় মডেল হবেন, নাম কুড়াবেন। রাজপথের মোড়ে মোড়ে বিলবোর্ডে শোভা পাবে তার ছবি। সেই ভাবনা থেকেই নাম লেখালেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায়। কিন্তু বিচারক প্যানেলে থাকা অভিনেত্রী তারিন বেঁকে বসলেন। সোজা জানিয়ে দিলেন, প্রতিযোগিতায় লড়ার মতো বয়স হয়নি তার।
কিন্তু তামান্না তো হেরে যাওয়ার পাত্রী নন। তিনি ঠিক করলেন, নিজেকে তৈরি করবেন। এক লাইফস্টাইল ম্যাগাজিনের ফটোশ্যুট দিয়েই শুরু করলেন। নিয়মিত হতে শুরু করলেন র্যাম্পে। তখনও অভিনয়ের নেশা পায়নি তাকে।
তারপর একদিন ডাক এলো অভিনয়ের। পরিবারের সম্মতি নিয়ে অভিনয় করলেন ‘ঘুণপোকা’ ও ‘পঞ্চপাণ্ডি’ নামের দুটি টেলিফিল্মে। এই দুটি টেলিফিল্মই ঘুরিয়ে দিল তামান্নার গতিপথ।
সিনেমাটি নিয়ে তামান্না গ্লিটজকে বললেন, “বাস্তবের তামান্নার মতোই সিনেমার বর্ষা চরিত্রটি। বর্ষা চরিত্রটি নিতান্ত চুপচাপ। কলেজের সহপাঠীর সঙ্গে তার প্রেম। সেই প্রেমের এক পযর্ায়ে মেয়েটি আত্মহত্যা করে। আমার চরিত্রে তেমন সংলাপ নেই। পুরো চরিত্রটি অঙ্গভঙ্গি নির্ভর।”
অভিনয় না জানা মেয়েটি কেমন করে উতরে যাচ্ছে সিনেমাতে - এই প্রশ্নের জবাবে তামান্না বললেন, “মেয়েরা অভিনয় প্রতিভা নিয়েই জন্মায়। এটা ঈশ্বরপ্রদত্ত। জীবনের প্রতিটি পদে, বাঁকে-বাঁকে তাদের অভিনয় করতে হয়। তবে সিনেমা শুরুর আগে পরিচালক আমাকে গ্রুমিং করিয়েছেন। নাচের তালিম দিয়েছেন। আমি প্রস্তুত হয়েই এসেছি।”
আরও জানালেন, “আমি খুব যাচাই-বাছাই করে অভিনয় করতে চাই। সিনেমাতে এসেছি, সব ধরনের চরিত্রেই কাজ করব। বাণিজ্যিক হোক বা অফট্র্যাক, সব কিছুই যদি আমার সামাজিক অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, আমি অভিনয় করবো। গ্রামীণ চরিত্রগুলোর প্রতি আমার দুর্বলতা আছে।”
ছবি--জয়ন্ত সাহা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
