২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চার শর্তে সিনেমায় চঞ্চল

ভালো চিত্রনাট্য, পরিচালক, চরিত্র আর সহশিল্পী - এই চার শর্ত মিলে গেলে তবেই চলচ্চিত্রে অভিনয়ে রাজি হবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেতা চঞ্চল চৌধুরী।

জয়ন্ত সাহা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2015, 02:11 PM

Updated : 12 Oct 2022, 04:08 PM

গ্লিটজকে দেওয়া এক সাক্ষাৎকারে চঞ্চল জানালেন, ২০১৩ সালে ‘টেলিভিশন’ মুক্তির পর অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলেও চার শর্ত না মেলায় ফিরিয়ে দিতে বাধ্য হয়েছেন। অবশেষে অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ সিনেমার পরিচালক অমিতাভ তার চারটি শর্তই পূরণ করেছেন।

চঞ্চল বলেন, “সবকিছুর পরে আমি দর্শকের কাছে দায়বদ্ধ। আমার দর্শক কোনোভাবেই আমার কাছে দায়সারা কোনো চরিত্র প্রত্যাশা করে না। ‘মনপুরা’ দেখার পর তারা নিশ্চয়ই আমাকে গড়পড়তা চরিত্রে দেখতে চাইবে না। আমিও তাদের সেই প্রত্যাশার কথা জানি। তাই সিনেমাতে অভিনয়ের জন্য এই চারটি শর্ত।”

‘আয়নাবাজি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন চঞ্চল। অনেক বছর আগে অমিতাভ রেজা পরিচালিত ‘মায়া ও মৃত্যুর পরে’ টেলিফিল্মে অভিনয় করেছিলেন তিনি। 

আলাপের শুরু করলেন অমিতাভ বন্দনার মাধ্যমেই, “অমিতাভ কেমন নির্মাতা, তা আমরা সবাই জানি। সে খুব কমই ফিকশন বানিয়েছে। কিন্তু যে কটি বানিয়েছে, তার সবগুলোই দর্শকনন্দিত হয়েছে। আমার দেখে মনে হয়েছে, অমিতাভ সিনেমার মতো করে বড় যত্ন নিয়ে ফিকশনগুলো নির্মাণ করছেন। আমার অনেকদিনের আকাঙ্ক্ষিত এক চরিত্র ‘আয়না’। অমিতাভের নির্মাশৈলীর পাশাপাশি আমাদের অভিজ্ঞতাও যোগ হচ্ছে। অমিতাভের সঙ্গে কাজ করা সত্যিই সৌভাগ্যের।”

‘আয়না’ চরিত্রটি নিয়ে চঞ্চল বললেন, “সিনেমাতে ‘আয়না’ একেক সময়ে একেক চরিত্র নিয়ে হাজির হয়। আয়না নিজেই অভিনয় করে নানা চরিত্রে। তার এই রূপবদলের গল্পই মুগ্ধতা ছড়াবে।”

সিনেমাতে চঞ্চলের সহ-অভিনেত্রী নাবিলার অভিনয়ের কোনো অভিজ্ঞতা নেই।

“নাবিলাকে কিভাবে উপস্থাপন করা হবে, তা অমিতাভ ভালো জানে। আমার সঙ্গে সে যতদিন অভিনয় করেছে, আমার মনে হয়েছে কাজটি নিয়ে সে খুব সিরিয়াস। চরিত্রকে ফুটিয়ে তুলতে সে চেষ্টা করছে।”

চঞ্চল জানালেন, ‘আয়নাবাজি’ সিনেমাটির জন্য তিনি তিন মাস কোনো নাটকের শুটিংয়ে অংশ নেননি। এখন এই সিনেমাতেই তার ‘পূর্ণ মনযোগ’। সেপ্টেম্বরের মধ্যেই সিনেমাটির শুটিং শেষ হওয়ার কথা। আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে বলে জানালেন তিনি।

আরও বললেন সব ধরনের দর্শকের জন্যই নির্মিত হচ্ছে সিনেমাটি, “আমার ‘মনপুরা’ যেমন সব শ্রেণির দর্শক দেখেছে, ‘আয়নাবাজি’ও দেখবে। ‘আয়না’ তো বাস্তবজীবনের কথা বলে। সবাই সিনেমাটি দেখবে, এটা আমার আশা।”

ঢাকাই সিনেমার হালহকিকত নিয়ে চঞ্চল বললেন, “শুধু বিগ বাজেটের সিনেমা নির্মাণ করলেই হলো না। আমাদের সিনেমা বাঁচিয়ে রাখে দর্শকরা। দর্শকরা যেন হলে ফিরে আসে সেজন্য আরও উদ্যোগ প্রয়োজন। আরও ভাবতে হবে, কিভাবে দর্শককে হলমুখী করা যায়।”

‘আয়নাবাজি’ সিনেমার দৃশ্যে চঞ্চল চৌধুরী ও নাবিলা। ছবি-- ফাইজুর রহমান সৌখিন