২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গানেও হিট সালমান

যতবারই তিনি মাইক্রোফোনের বিপরীতে দাড়িয়েছেন, ততবারই প্রশংসা কুড়িয়েছেন। এবারও হয়নি ব্যাতিক্রম। নতুন সিনেমা ‘হিরো’র জন্য গান গেয়ে আবারও হিট ভারতীয় অভিনেতা সালমান খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 05:49 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

সুরাজ পাঞ্চোলি এবং আথিয়া শেঠি অভিনীত সিনেমা 'হিরো'র টাইটেল ট্র্যাক ‘ম্যায় হু হিরো তেরা’ গেয়েছেন 'দাবাং' খান। মূল গানটিতে কণ্ঠ দিয়েছেন গায়ক আরমান মালিক। তবে সালমানের সংস্করণটি শ্রোতাদের জন্য বিশেষ চমক হিসেবেই এসেছে। আর তাই সময়ের একদিন আগেই সালমানকে গানটি প্রকাশ করতে বাধ্য করেছেন তার ভক্তরা।

ভক্তদের জোরাজুরিতে নির্ধারিত সময়ের আগেই ৬ অগাস্ট সন্ধ্যায় টুইটারে গানটির ভিডিও প্রকাশ করেন সালমান। সেখানে তাকে গানটি গাইতে দেখা যায়। 

প্রিয় তারকাকে ভিন্ন রূপে পেয়ে গানটি টুইটারে শেয়ার করেন অভিনেত্রী পারিনিতি চোপড়া। তিনি টুইট করেন, "ওহ মাই গড! সালমান খানের চোখে চশমা! তার উপর গাইছেন দুনিয়ার সবচেয়ে সুন্দর প্রেমের গান!! আবার মাঝে মাঝে কী সুন্দর করে হাসছেন! আমি তো বেহুঁশ হয়ে গেলাম!"

টুইটারে গানটি প্রকাশিত হবার সঙ্গে সঙ্গেই সেদিন জনপ্রিয় হয়ে উঠে ‘#ম্যায় হু হিরো তেরা’ হ্যাশট্যাগ। ভক্তদের অনেকেই বলছেন, সালমানের গাওয়া সেরা গান হতে যাচ্ছে এটি।

‘বাজরাঙ্গি ভাইজান’- এর পর নিজের ব্যানার সালমান খান ফিল্মস থেকে সালমান প্রযোজনা করলেন ‘হিরো’। এতে দেখা যাবে অভিনেতা আদিত্য পাঞ্চোলির ছেলে সুরাজ এবং সুনিল শেঠির মেয়ে আথিয়াকে।