২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিষাদের বিরুদ্ধে দিপিকার লড়াই 

ব্যক্তিগত জীবনে বিষাদগ্রস্ত হওয়ার কথা জনসম্মুখে স্বীকার করে আলোচনায় আসেন ভারতীয় অভিনেত্রী দিপিকা পাড়ুকোন।  তার মতে, হতাশা যে কোনো জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা এবং এর প্রতিকার করা প্রয়োজন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2015, 05:42 PM

Updated : 25 Apr 2022, 01:42 PM

সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটারে দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশনের লোগো উন্মোচন করেন দিপিকা। মানসিক স্বাস্থ্য বিষয়ক এই দাতব্য সংগঠন প্রতিষ্ঠা করেছেন তিনি নিজে।

লোগো উন্মোচনের পাশাপাশি দিপিকা একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেন। যেখানে তিনি বলেন, আমার মানসিক অবসাদের বিরুদ্ধে লড়াই করার অভিজ্ঞতা আছে, বর্তমান সময়ে এটি একটি বড় স্বাস্থ্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অল্প কিছুদিন আগেই আমি হতাশার স্বীকার হয়েছিলাম, আমি জানি এর বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং পেশাদার কারও সাহায্য নেয়া আসলে কতটা কঠিন কাজ।

তিনি আরও বলেন, আমি ভাগ্যবতী, কারণ আমি সঠিক সময়ে সঠিক সাহায্য পেয়েছি। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি অন্যদেরকেও সেরকম সাহায্য দিতে চেষ্টা করবো।

চলতি বছরের মার্চে ভারতীয় টিভি চ্যানেল এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মত নিজের বিষাদগ্রস্ত হয়ে পড়ার কথা তুলে ধরেন দিপিকা।

আর তখনই দিপিকা ঘোষণা দেন ভারতীয়দের মানসিক স্বাস্থ্য উন্নয়নয়ের জন্য একটি দাতব্য সংগঠন প্রতিষ্ঠা করবেন। দ্য লিভ লাভ অ্যান্ড লাফ ফাউন্ডেশন সরকারিভাবে নিবন্ধিত হয়েছে পহেলা জুন।