'সময়ের প্রয়োজনে': যে নাটকের প্রয়োজন সব সময়
বলা যায় সময়ের প্রয়োজনেই আবার মঞ্চে এলো থিয়েটার আর্ট ইউনিটের প্রযোজনা ‘সময়ের প্রয়োজনে’। একদিকে মানবতাবিরোধী অপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির দণ্ডাদেশ, অন্যদিকে দেশবিভাগের ৬৮ বছর পর বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় এবং বাংলাদেশের মানচিত্রের নতুন রূপ। শোকের মাস অগাস্টের প্রথম দিনটিতে তাই মুক্তিযুদ্ধের নাটক ‘সময়ের প্রয়োজনে’র মঞ্চায়ন ছিল দারুণ প্রাসঙ্গিক।
শহীদ বুদ্ধিজীবী জহির রায়হানের ছোট গল্প অবলম্বনে নাট্যকার ও নির্দেশক মোহাম্মদ বারীর সৃষ্টি ‘সময়ের প্রয়োজনে’। নাটকটি প্রথম মঞ্চে আসে ২০০৫ সালে। এর পর বেশ কয়েকবার এর প্রদর্শনী হয়েছে। নাটকটি বাচসাস, সিজেএফবি এবং ট্র্যাবের পুরস্কার পেয়েছে। সর্বশেষ আবার এটি মঞ্চে এলো শনিবার, ১ অগাস্ট, শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর পাশবিকতা, নৃশংস গণহত্যা, রাজাকারদের ঘৃণ্য অপরাধ, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ দর্শকের স্মৃতিতে ফিরিয়ে আনার প্রয়োজনেই এই মঞ্চায়ন।
নাটকের শুরু হয় রবীন্দ্রসংগীত ‘বাংলার মাটি, বাংলার জল’ দিয়ে। তারপর নেপথ্যে ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ এবং যুদ্ধের সূচনা।
মুক্তিযুদ্ধের সময় সাংবাদিক জহির রায়হান মুক্তাঞ্চলে মুক্তিযোদ্ধাদের একটি ক্যাম্পে আসেন। সেখানে কমান্ডার তার হাতে একটি ডায়রি তুলে দেন। এক তরুণ মুক্তিযোদ্ধার ডায়রি। সেই ডায়রির সূত্র ধরেই এগিয়ে যায় নাটক। দর্শকের পরিচয় ঘটে মুক্তিযোদ্ধাদের সঙ্গে একে একে। কেউ ছাত্র, কেউ কৃষক, কেউ ব্যবসায়ী, গায়ক, হিন্দু, মুসলমান, সমাজের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছে। কিন্তু এখন একটিই পরিচয় - তারা মুক্তিযোদ্ধা, তারা বাঙালি। তাদের বীরত্ব, ছোট ছোট আনন্দ বেদনার টুকরো দৃশ্যায়ন ঘটে মঞ্চে।
ক্যাম্পে আশ্রয পায় আহত তরুণ মামুন। সে দেখেছে নিরীহ মানুষের উপর পাকিস্তানি বাহিনীর আক্রমণ, দেখেছে বীভৎস গণহত্যা। একটি শরণার্থী দলে ছিল সে। সেখানেও ঘটে আক্রমণ। তারপর আশ্রয় মেলে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে। শরণার্থীদের যাত্রাপথের দৃশ্যায়নের সময় ‘যশোর রোড’ গানটির ব্যবহার ছিল চমৎকার। গণহত্যার কোরিওগ্রাফিও ছিল দুর্দান্ত।
বোঝা যায় মামুনেরই ডায়রি পড়ছেন সাংবাদিক জহির রায়হান।মুক্তিযোদ্ধাদের সংলাপের মধ্যে উঠে আসে যুদ্ধের পরিস্থিতি। আসে সাম্প্রদায়িকতার বিষাক্ত ছোবলের কথাও। এখানে সুনিপুণভাবে নাট্যকার তুলে এনেছেন যুদ্ধপরবর্তী পরিস্থিতির আভাসও। বঙ্গবন্ধুর হত্যা, প্রতিক্রিয়াশীলদের অশুভ তৎপরতা, রাজাকারদের আবার ক্ষমতা কাঠামোয় স্থান পাওয়া - ইত্যাদি এমন অনেক বিষয় উত্থাপিত হয়েছে যা নাট্যকারের নিজস্ব সৃষ্টি এবং তরুণ প্রজন্মের জন্য দিক নির্দেশনা স্বরূপ।
সাধারণ মানুষের যুদ্ধে অংশ নেওয়ার প্রসঙ্গ এসেছে স্বাভাবিক গতিতেই। এসেছে বঙ্গবন্ধুর বিপুল জনপ্রিয়তার কথাও। একটি দৃশ্যে তরুণ ছাত্রকর্মী মামুন তার মায়ের কাছে বর্ণনা করে বঙ্গবন্ধুকে সরাসরি দেখার রোমাঞ্চকর অভিজ্ঞতা। সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি, বঙ্গবন্ধুর ভূমিকা এবং সাধারণ জনতার অনুভূতি বোঝা যায় এই দৃশ্যের মাধ্যমে।
এবং এসবই নাট্যকার এমন মুন্সীয়ানায় উপস্থাপন করেছেন যে কোথাও নাটকের স্বচ্ছন্দ গতি ব্যহত হয়নি।
নাটকটিতে সকল কুশীলবের অভিনয়ই ছিল চমৎকার। তবে বিশেষভাবে চোখে পড়েছে বাকপ্রতিবন্ধী মুক্তিযোদ্ধা কাইদ্দি(রিয়াজ হোসেন), মামুন(প্রশান্ত হালদার), বাবু(সাইফ সুমন), সুশীল(ফেরদৌস বিপ্লব), বাচ্চু(স্বাধীন শাহ) এবং রবিদার (চন্দন রেজা) অভিনয়। তবে মুক্তিযোদ্ধা কমান্ডারের ভূমিকায় সেলিম মাহবুবের অভিনয়ে কমান্ডারসুলভ দৃঢ়তার কিছুটা অভাব লক্ষ করা গেছে; তার হাঁটার ভঙ্গীতেও প্রার্থিত দৃঢ়তা ছিলনা।
নাটটির শেষ দৃশ্যের মধ্যে উত্থাপিত হয় এর দার্শনিক দিকটি। মানব ইতিহাসের ধারায় কখনও কখনও এমন পরিস্থিতির উদ্ভব ঘটে যখন নির্যাতন ও শোষনের শৃঙ্খল ছিন্ন করার জন্য সশস্ত্র সংগ্রামের পথ বেছে নিতেই হয় প্রতিবাদী মানুষকে। শান্তি প্রতিষ্ঠার জন্যই তখন অবশ্যম্ভাবী হয়ে পড়ে যুদ্ধ। ১৯৭১ এর মুক্তিযুদ্ধ ছিল সময়ের অমোঘ দাবী। একইভাবে যদি ভবিষ্যতে কখনও প্রয়োজন পড়ে তাহলে প্রগতির পক্ষে হাতিয়ার ধরার জন্য এগিয়ে আসতেই হবে সাধারণ মানুষকে। আর জনযুদ্ধের প্রধান মুক্তিকামী সৈনিক হয় তরুণ প্রজন্ম। এ দৃশ্যে খুবই সার্থকভাবে ব্যবহৃত হয়েছে কবি হেলাল হাফিজের কবিতার পংক্তি ‘এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়’। আর এ দৃশ্যেই নাটকটি কেবলমাত্র মুক্তিযুদ্ধের চিত্রায়নে সীমাবদ্ধ না থেকে হয়ে ওঠে মুক্তিযুদ্ধের আদর্শের ধারকও।
জহির রায়হানের ছোট গল্পের ভিত্তিতে গড়ে উঠলেও নাটকটি তার মূলভিত্তিকে ছাড়িযে বিস্তৃত হয়েছে বহুদূর। মামুন এবং সাংবাদিক ছাড়া অন্য সব চরিত্রই নাট্যকারের সৃষ্টি। নাটকটির বর্তমান মঞ্চায়ন প্রসঙ্গে আলাপে মোহাম্মদ বারী জানালেন, থিয়েটার আর্ট ইউনিটের অন্যতম জনপ্রিয় এই প্রযোজনাটি প্রথমবার মঞ্চে এসেছিল একাত্তরে পাকিস্তানি বাহিনীর নৃশংসতা এবং রাজাকারদের মানবতাবিরোধী অপরাধ সম্পর্কে জনমনে সচেতনতা সৃষ্টির অভিপ্রায়ে। বর্তমানে এটিকে আবার মঞ্চে আনার পেছনেও সেই উদ্দেশ্য কিছুটা রয়েছে। তিনি বললেন, "এখন মানবতাবিরোধী অপরাধের বিচার চলছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সেই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টাও চলছে। মূলত রাজাকারদের ঘৃণ্য অপরাধ এবং মুক্তিযুদ্ধের সময়কার গণচেতনাকে আবার স্মরণ করিয়ে দিতে চাই আমরা।"
সেদিক থেকে বলতেই হবে থিয়েটার আর্ট ইউনিটের ‘সময়ের প্রয়োজনে’র সাম্প্রতিক মঞ্চায়নটি সময়ের দাবি পূরণে সার্থ
