ঢাকায় ‘মিশন ইম্পসিবল:রৌগ নেইশন’
ঢাকায় আসছে টম ক্রুজ অভিনীত জনপ্রিয় অ্যাকশন থ্রিলার ‘মিশন ইম্পসিবল’-এর পঞ্চম কিস্তি ‘মিশন-ইম্পসিবল: রৌগ নেইশন’। বসুন্ধরা গার্ডেন সিটি কম্প্লেক্সের স্টার সিনেপ্লেক্সে শুক্রবার ৭ আগস্ট মুক্তি পাচ্ছে সিনেমাটি।
এর মধ্যেই যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়ে বক্স-অফিস কাঁপাতে শুরু করেছে এমআই-ফাইভ। মুক্তির প্রথম তিন দিনেই মার্কিন বক্স-অফিসের শীর্ষে উঠে এসেছে সিনেমা।
মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কাল্পনিক গুপ্তচর সংস্থা ‘আইএমএফ’-এর পুরোধা ইথান হান্ট। রাষ্ট্রের স্বার্থে ইথান ও তার এজেন্টদের নানা দুঃসাহসিক কীর্তিকলাপের গল্প বড় পর্দায় প্রথমবার দেখা যায় ১৯৯৬ সালে। ইথান হান্টের ভূমিকায় শুরু থেকেই অভিনয় করছেন টম ক্রুজ। এবারের সিনেমার গল্প গড়ে উঠেছে আইএমএফকে ধ্বংসের ষড়যন্ত্র করা একটি অপরাধী সংগঠনের সঙ্গে ইথান এবং তার দলের লড়াইকে কেন্দ্র করে।
এবারের ছবিটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককোয়ারি। প্রযোজকদের তালিকায় জে জে আব্রাম ও ডেভিড এলিসনের সঙ্গে রয়েছেন ক্রুজ নিজেও। সিনেমায় টম ক্রুজের সঙ্গে দেখা যাবে গতবারের সঙ্গী সাইমন পেগ এবং জেরেমি রেনারকে। এবারের পর্বে যুক্ত হয়েছেন অ্যালেক বল্ডউইন।
