ভারতীয় অনুষ্ঠানে বিচারক অর্ণব
ভারতীয় বাংলা টেলিভিশন চ্যানেল কালারস বাংলার সংগীতভিত্তিক রিয়ালিটি শো ‘গ্রেট মিউজিক গুরুকুল’-এর অতিথি বিচারক এবং শিল্পী হিসেবে দেখা যাবে তরুণ সংগীতশিল্পী সায়ান চৌধুরী অর্নবকে। অনুষ্ঠানের নিয়মিত বিচারক হরি হরণ, কবিতা কৃষ্ণমূর্তি, জাভেদ আলী এবং জিৎ গাঙ্গুলী।
মঙ্গলবার সকালে ফেইসবুকে একটি ছবি পোস্ট করে অর্ণব লেখেন, “গ্রেট মিউজিক গুরুকুল!! শিল্পী ও বিচারক হিসেবে আমি ডাক পেয়েছি!! হরি হরণজি.. কবিতা কৃষ্ণমুর্তি.. জাভেদ আলী.. জিৎ গাঙ্গুলীদের মধ্যে...”
ইটিভি নেটওয়ার্কের চ্যানেল কালারস বাংলার রিয়েলিটি শোয়ের এই মঞ্চ সাম্প্রতিক সময়ে মাতিয়েছেন উষা উত্থুপ, অনুপম রায়।
অনুষ্ঠানে অংশ নিতে এবং নিজের অ্যালবামের প্রচারসহ কনসার্টে অংশ নিতে অর্ণব কলকাতায় পৌঁছান ২০ জুলাই। একই দিনে সিঙ্গাপুরের শো শেষে কলকাতায় ফিরেছেন আরেক জনপ্রিয় তরুণ সংগীতশিল্পী অনুপম রায়। দুজনার দেখা হওয়ার সাক্ষ্য হিসেবে একটি ছবি ফেইসবুকে পেইজে শেয়ার করেন অনুপম।
নিজস্ব উদ্যোগে অর্ণব তার ষষ্ঠ একক অ্যালবাম বের করেছেন কয়েক মাস আগে। ‘খুব ডুব’ নামের অ্যালবামটি নিয়ে তিনি নিজেই প্রচার চালাচ্ছেন ঢাকা-কলকাতা-দিল্লি-গোয়া পর্যন্ত। কলকাতায় এবারও বেশ কয়েকটি টিভি, রেডিও অনুষ্ঠান এবং কনসার্টে অংশ নেবেন। পাশাপাশি নতুন অ্যালবামের প্রচারের মাঝেই আরও একটি নতুন গান ‘তুই বল্লে!’ রিলিজ করবেন।
ফেইসবুকে অর্ণব লিখেছেন, “২৫ জুলাই আভানি রিভারসাইড মলে আমার নতুন সিঙ্গেল ‘তুই বল্লে!’ অবমু্ক্তির জন্য থাকছি বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।”
