পাকিস্তানে নিষিদ্ধ 'ব্যাঙ্গিস্তান'
আরও একবার কোনো ভারতীয় সিনেমার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তান সরকার। রিতেশ দেশমুখ ও পুলকিত সম্রাট অভিনীত ‘ব্যাঙ্গিস্তান’কে নিষিদ্ধ করেছে পাক সেন্সর বোর্ড। কিন্তু নির্মাতার দাবী, সিনেমাটি পাকিস্তানবিরোধী নয়।
ভারতীয় সাময়িকী ইন্ডিয়া টুডে বলছে, সালমান খানের ‘বাজরাঙ্গি ভাইজান’ দেখতে সিনেমা হলে যখন হুমড়ি খেয়ে পড়ছে পাকিস্তানি দর্শক, তখন মুক্তির মাত্র এক সপ্তাহ আগে নিষেধাজ্ঞার মুখে পড়তে হলো ‘ব্যাঙ্গিস্তান’কে।
তবে পাক সেন্সর বোর্ডের এই সিদ্ধান্ত ‘অনাকাঙ্ক্ষিত’ বলে জানিয়েছেন সিনেমাটির অন্যতম প্রযোজক রিতেশ সিধওয়ানি। তার দাবী, ‘ব্যাঙ্গিস্তান’ কোনোভাবেই পাকিস্তানবিরোধী নয়।
শুধু ট্রেইলার দেখেই তারা সিনেমাটিকে ইসলামবিরোধী এবং পাকিস্তানবিরোধী তকমা লাগিয়ে দিচ্ছেন। যদি বিরোধিতার প্রসঙ্গ আসে, তবে এটিসন্ত্রাসবাদবিরোধী একটি সিনেমা, অন্যকিছু নয়।"
বিদ্রূপাত্মক ধাঁচের এই সিনেমাতে আত্মঘাতী বোমা হামলাকারীর ভূমিকায় অভিনয় করেছেন রিতেশ, সঙ্গে দেখা যাবে অভিনেতা পুলকিত সম্রাটকে।
সিধওয়ানি জানান, রিতেশ এবং পুলকিতসহ ‘ব্যাঙ্গিস্তান’ নির্মাতা কারান আংশুমানকে নিয়ে পাকিস্তান সফরের চেষ্টা করছেন তিনি।
তিনি বলেন, আমি পাকিস্তানি মন্ত্রণালয় এবং সেন্সর বোর্ডকে সিনেমাটি দেখাতে চাই। যেন তারা বুঝতে পারে, আমাদের উদ্দেশ্য খারাপ নয়।
সিনেমার একটি বিশেষ গানে ওসামা বিন লাদেন এবং সাদ্দাম হুসেইন সেজে নাচতে দেখা গেছে রিতেশ এবং পুলকিতকে। বিশ্লেষকদের ধারণা, পাকিস্তানিদের মুখ ফিরিয়ে নেয়ার জন্য এটাই যথেষ্ট।
‘ব্যাঙ্গিস্তান’-এ আরও অভিনয় করেছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। এটি মুক্তি পাবে ৩১ জুলাই।
