'রোকযানার গল্প বলতে রাজি নই'
সংগীতশিল্পী শেখ শাহেদ, রোকযানার শাহেদ নামেই যিনি বেশি পরিচিত। সংগীতে ভূবনে ২৪ বছর কাটিয়ে দিয়েছেন। প্রথম অ্যালবাম ‘প্রভু’ সারগামের লেবেলে বেরিয়েছিলো ১৯৯১ সালের অগাস্ট মাসে। এরপর আরও পাঁচটি অ্যালবাম বেরিয়েছে।সম্প্রতি গ্লিটজর সঙ্গে আড্ডায় মেতেছিলেন তিনি।
গ্লিটজ: নতুন অ্যালবাম বের করলেন। এর আগে পাঁচটি বেড়িয়েছে। লক্ষ্য করলাম, প্রত্যেকটি অ্যালবামের আগে অন্তত পাঁচ বছরের বিরতি আছে। অ্যালবামের নামেও কিছুটা ভিন্নতা চোখে পড়ে। এই দুটি বিষয় কী সুপরিকল্পিত?
শাহেদ: না। বিশ্বাস করুন, আমি জানি না। কেন যে এমন হয়ে যায়, আমি জানি না। আমার খুব আফসোস, আমি চেয়েছি, কিন্তু কোনোভাবেই বিরতির বিষয়টি আমার নিয়ন্ত্রণে আসেনি। নামের বিষয়ে, অ্যালবামের কাজ করতে গিয়ে গানগুলো ভাবনা জাগায়। যেমন— ‘ক্লাসরুমে বসে শেখা’ অ্যালবামে গানটির দুই লাইন— ‘সময় আমাকে ক্লাসরুমে বসিয়ে/ বুঝিয়ে দিলো সব’— সময় আসলে ঈশ্বর। সেই আমাদের সবকিছু শিখিয়ে দিচ্ছে, এই বিশ্ব ক্লাসরুমে বসিয়ে।
গ্লিটজ: ‘মালেকা-রোকযানা’ নামে অ্যালবাম ভাবনা আছে বলে শুনেছি…
শাহেদ: হ্যা, অ্যালবামটির কাজ চলমান। এই অ্যালবামটির কাজ শুরু করে মধ্য দিয়ে তিনটি অ্যালবাম বেরিয়েছে— সবশেষে বের হলো আমার প্রথম ব্যান্ড অ্যালবাম ‘গাছের কাণ্ড’। ‘মালেকা রোকযানা’ প্রজেক্টটা আমার বহু আগের। মালেকা হচ্ছে আমার মায়ের নাম আর রোকযানা হচ্ছে অন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে এই অ্যালবাম যতো তাড়াতাড়ি পারি শেষ করবো।
গ্লিটজ: একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে আসতে চাই, আপনার গানের বিখ্যাত চরিত্র ‘রোকযানা’র সঙ্গে কি আপনার প্রেমঘটিত কোনো ব্যাপার জড়িত, সেটা নির্দিষ্ট কারো প্রতি প্রেম, নাকী সামষ্টিক প্রেম?
গ্লিটজ: ‘মালেকা রোকযানা’ কী মায়ের প্রতি ভালোবাসা…
শাহেদ: হ্যা, মায়ের প্রতি ভালোবাসা এবং মা ছেলের যে সম্পর্ক, যা বিচ্ছিন্ন করার কোনো বুদ্ধি নাই। সেই কৃতজ্ঞতাবোধের জায়গা থেকে অ্যালবামটি করতে চাই। এখানে আমার চাওয়া, মা ও ছেলের সম্পর্ক ভালো থাকুক আজীবন। কারণ মা হচ্ছেন সেই জন, যার মৃত্যুর ঝুঁকি নিয়ে আমার জন্ম।
গ্লিটজ: আপনার মা-বাবা কি বেঁচে আছেন?
শাহেদ: মা নেই, তিনি চলে গেছেন ২০০১ সালে। বাবার মৃত্যু হয়েছে ১৯৯৬ সালে।
গ্লিটজ: বলছিলেন আপনি বাড়ি ছাড়া, কবে থেকে?
শাহেদ: মানসিকভাবে বাড়ি ছেড়েছি, ১৯৮৬ সালের ২৯ জুন। ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা চলছিলো, ম্যারাডোনার আর্জেন্টিনা সেদিন পশ্চিম জার্মানীকে তিন-দুই গোলে হারিয়েছিলো। প্রচুর বৃষ্টি হচ্ছিলো সেদিন। বাসার সবাই একসঙ্গে বসে খেলা দেখেছিলাম আমরা। আমি যদিও ব্রাজিলের সাপোর্টার কিন্তু ম্যারাডোনার ফ্যান। মেসির প্রতিও আমার একই মনোভাব। মায়ের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিলো। আমি যেটা সাপোর্ট করতাম আমার মাও সেটাই সাপোর্ট করতেন। ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক।
গ্লিটজ: বাড়ি ছাড়লেন, সেসময় আপনার বয়স কতো ছিলো?
শাহেদ: আমার বয়স তখনও ছিলো একুশ, এখনও আমার বয়স একুশ…(হাসি)
গ্লিটজ: গান-বাজনা এরমধ্যেই শুরু হয়েছে?
শাহেদ: গান-বাজনা অনেক আগেই শুরু হয়েছে। পারিবারিক কারণে এদিক থেকে আমি খুব সৌভাগ্যবান।
গ্লিটজ: গান গাওয়া বা গিটার বাজানো শিখেছেন কারো কাছে?
শাহেদ: ওইভাবে ওস্তাদ ধরে শেখা বলতে যা বোঝায়… সেটা হয়নি। আমার তিন বছরের বড় ভাই ইকবাল এবং বন্ধু আমিনের কাছ থেকে প্রাথমিক ধারণা পেয়েছি। ইকবাল প্রয়াত হয়েছেন অনেকদিন।
গ্লিটজ: আপনার প্রথম গান কোনটি?
শাহেদ: ঢাকায় তখন অনেক পুকুর। এক পুকুর পাড়ে সজনে গাছের নিচে বসে গিটার বাজাচ্ছি, হঠ্যাৎ বেরিয়ে আসে একটি প্রেমের গান। গানটির নাম ‘উপলদ্ধি’। প্রথম অ্যালবামে দিয়ে দিলাম গানটিকে। টেপ রেকর্ডের ‘বি’ পাশের প্রথম গান। এখন মনে হচ্ছে গানটার নাম আমি ঠিকই দিয়েছিলাম… উপলদ্ধি থেকেই শুরু হয়েছিলো আমার।
গ্লিটজ: এরপর…
শাহেদ: গান-বাজনা শুরু করলাম, ব্যান্ড করা হয়নি। ইকবাল, আমিনদের ‘পনি’ নামে ব্যান্ড ছিলো। ওদের ব্যান্ডমেট ছিলো ওয়ারফেইজের ড্রামার টিপু। টিপু অবশ্য ইকবালের কথা বলে সবসময়। টিপুকে ইকবালই উৎসাহী করেছিলো। ওদের সঙ্গে আরও দুই নারী শিল্পী ছিলো। ওরা বাজাতো, গাইতো, আমি কিছুই করতাম না… সেখানে আমি একা…
গ্লিটজ: আপনি সংগীত চর্চা করতেন কখন?
শাহেদ: তেমন ধরাবাধা কোনও নিয়মকানুন ছিলো না আমার। গান লিখতাম, গেয়ে বেড়াতাম। এসব ভেবে-চিন্তে কিছু করারও বিষয় ছিলো না আমার জন্য। একদিন বাসাবোর বন্ধু সাঈদের দোকানে আড্ডা দিতে গিয়ে পরিচয় হয় মাসুদের সঙ্গে। সেদিন আমার গানগুলো শুনে জিজ্ঞেস করে, গানগুলো কার? আমি বললাম আমার। এর দুই কি তিনদিন পরেই আমাকে নিয়ে গেলো সারগামের অফিসে। সারগামের এক পার্ট ছিলো মাসুদ। আমাকে বললো ডেমো করতে হবে সারগামে। আমি ভাবি, সেটা আবার কি জিনিস! যা হোক… পল্টনের এলভিস স্টুডিও (এখন নেই) করলাম। রকস্ট্রাটার প্রথম অ্যালবামের রেকর্ডিং হচ্ছিল, ওদের বিরতির সময় ডেমো গানগুলো নিয়ে বসলাম স্টুডিওতে। এটা নিয়ে আমার ভিতরে খুব বেশি উচ্ছ্বাস ছিলো না। কয়েকদিন পর আবার সারগামের অফিসে নিয়ে গেলো। আমাকে বললো, তারা আমার অ্যালবাম করবে। এই আনন্দে আট হাজার টাকা দিলো, মিষ্টি খেতে। দারুণ ব্যাপার, এবার আমি দারুণ উচ্ছ্বসিত। তখনকার আট হাজার মানে এখনকার ৪০-৫০ হাজার টাকা। ওই টাকা দিয়ে মার্কেটে গিয়ে কেনাকাটা করলাম, মায়ের জন্যে শাড়ী কিনলাম। আর ভাবলাম, আরে বাহ অ্যালবাম করলে টাকা আসে! অ্যালবাম হওয়ার পর আরও বেশি শো-এর ডাক আসতে শুরু করলো। একটা ছোট্ট ব্যান্ড নিয়ে গান করতাম। অদ্ভুতভাবে এবং দাপটের সঙ্গে তখনই আমরা নিজেদের গান গাইতাম, বাজাতাম। সেটা যে আমরা সচেতনভাবে করেছি তা না, এখন অদ্ভুত লাগে ভাবতে।
গ্লিটজ: একটা সময় পর্যন্ত জেমস, আইয়ুব বাচ্চুরাও কাভার করেছে…
গ্লিটজ: কেমন…
শাহেদ: আমি একটা করে ব্যান্ড গোছাই, মেম্বারদের নিয়ে যায় অন্য ব্যান্ড। কারো দোষ দিচ্ছি না, এটাই নিয়তি। মাইলসের তুর্য ড্রাম বাজাতে শুরু করে আমার সঙ্গে, ছয়টা গান রেকর্ড করে চলে গেলো। বিজুকে নিয়ে শুরু করলাম, ওয়ারফেইজ নিয়ে গেলো। রাসেলকে নিয়ে নেসক্যাফে আনপ্লাগড শুরু হলো, উইনিং নিয়ে গেলো। হায়দার হোসেনের সঙ্গে ব্যান্ড করবো ঠিকঠাক করলাম। অ্যালবাম হিট করলো, তিনিও ফিরলো না। এরকম অজস্র উদাহরণ দিতে পারবো…
গ্লিটজ: তাদের চলে যাওয়াটাকে কিভাবে দেখেন?
শাহেদ: তুর্যর মাইলসে যাওয়াটা আমি খুবই ইতিবাচক মনে করি। মাইলস তখনকার এক নম্বর ব্যান্ড। তার কাছে খুব ভালো প্রস্তাব এসেছিলো, সেটা গ্রহণ করে উচিত কাজ করেছে। আমরা তখন একদম নড়বড়ে অবস্থায়।
গ্লিটজ: তুর্য থাকলে আপনার ভিত্তি ভালো হতে পারতো…
শাহেদ: ভালো হতেও পারতো, নাও হতে পারতো। আমার সঙ্গে থাকলেই ভালো না থাকলে খারাপ, আমি তা ভাবতে চাই না।
গ্লিটজ: সবশেষে গাছ গড়লেন, তার অবস্থা কি?
শাহেদ: গাছের এখনকার মেম্বার হচ্ছেন, গিটার- আনান, ড্রামস- জীবন, বেইজ- মোর্শেদ, স্যাক্সোফোন ও বাঁশি- রাহিন। লাইনআপে যোগ-বিয়োগ হয় প্রায়।
গ্লিটজ: আপনার আগের ব্যান্ডগুলোর নাম কী?
শাহেদ: আমার একটি ব্যান্ডের নাম উইটনেস। উইটনেস মানে সাক্ষী, শাহেদের ইংরেজি প্রতিশব্দ। এই ব্যান্ডটি নিয়ে নেসক্যাফে আনপ্লাগড পুরোটাই করেছি। একটির নাম, ৩২ ফেব্রুয়ারি। সেটায় আমার সঙ্গে ছিলো শাকিব, তমাল, আকিল। ড্রামার ছিলো না, ড্রামার নিয়ে বেশ ভুগতে হয়েছে। এই চারজন অনেকদিন একসঙ্গে ছিলাম। শব্দ নামের ব্যান্ডে তুর্য, সুমন ছিলো। অ্যালবামের কাজ শুরু করার পর ভেঙ্গে যায়। আরেকটা ব্যান্ডের নাম ‘ব্লাড অ্যান্ড টিয়ার্স’, ব্যান্ডের একটি গান মিক্সড অ্যালবামে প্রকাশিত হয়। ব্যান্ড নিয়ে শো করে দীর্ঘ দিন পরে অ্যালবাম করতে গেছি কিন্তু কাজ শেষ হয়নি আর। এই অ্যালবামের জন্য দলীয় কোনো ছবি দিতেও পারিনি একই কারণে। অন্তত তিনবার ভেঙ্গেছে, তারপরও এটি একটি ব্যান্ড এবং ‘গাছ-এর কাণ্ড’ একটি ব্যান্ড অ্যালবাম। প্রত্যেকটি গান এক সঙ্গে লাইভ করেছি আমরা। আমি তাই খুব খুশী। নতুন মেম্বার নিয়ে দিনের পর দিন প্র্যাকটিস করেছি, এরপর যখনই বাজিয়েছি আমরা একটা ব্যান্ড হয়েই বাজিয়েছি। রেকর্ডিংয়েও তাই স্টুডিও লাইভের আমেজ পাওয়া গেছে।
গ্লিটজ: অ্যালবাম নিয়ে বলুন।
শাহেদ: গান আছে দশটি, যার আটটি আমার লেখা, নয়টির সুর আমার, দশমটি পুরনো সিনেমার গান। জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কবিতায় সুর দিয়েছি। ‘ছদ্মবেশী’ সিনেমায় সুধীন দাসগুপ্তের লেখা ও সুরে ‘আমি কোন পথে যে চলি’ গানটি গেয়েছিলেন মান্না দে। গানটি আমার গলায় রেকর্ড করেছি এই অ্যালবামের জন্য। কী অদ্ভুত মানুষের জীবন, আমার প্রিয় আর্টিস্ট কিশোর কুমার। অথচ আমি গাইলাম মান্না দের গান। এখানেও আমি জানি না গানটা গাইলাম কেন।
গ্লিটজ: কথা ও সুরের বিষয়ে জানতে চাই...
শাহেদ: একটি গান হচ্ছে, ‘এত কাছে দুজনে’। সেই, ‘এত কাছে দুজনে, প্রেম ভরা যৌবনে’ গানটির মতোই। মানুষের ক্ষণিকের আবেগ ফুটে উঠেছে গানটিতে। আরেকটি গান ‘প্রেম আসবেই’। সামাজিক প্রেক্ষাপটে অবিশ্ব্যম্ভাবী প্রেমের গান। ‘দাদা দাদা’ নামের গানটি একটি কৌতুককে গানে প্রতিস্থাপন করার। ‘আমি কোন পথে যে চলি’, ‘আমার আল্লাহ আল্লাহ নাম’ ইত্যাদি। একটা লিরিক নিয়ে আমি কাজ করেছি, জমির ক্রয়-বিক্রয় বিষয়টিকে উপজীব্য করে। ‘জমি না হোক বিক্রয় যোগ্য পণ্য’। জমির কোনো নির্ধারিত মূল্য থাকবে না, মানুষ জমির মালিক হতে পারবে না। ধরেন, চারজন মুক্তিযোদ্ধা যুদ্ধ শেষে সবাই অক্ষত ফিরেছে। তাদের একজনের জমি গুলশানে, একজনের জমি ভুরুঙ্গামারীতে, একজনের জমি নোয়াখালীতে, একজনের জমি চট্টগ্রামে। যুদ্ধ শেষ হওয়ার পর তারা যখন ফিরে আসলো এবং এই মাটির জন্যই কিন্তু সেই চার মুক্তিযোদ্ধার সামাজিক স্ট্যাটাস এক থাকলো না। শুধু ওই জমির ভ্যালুর কারণে। তাই আমি বলছি, মানচিত্র সবার কিন্তু জমি বিক্রি করার ক্ষমতা কারো নেই।
গ্লিটজ: সংগীতায়োজন, সুর, কথায় আপনার গানের যে ধরন ইদানিং লক্ষ্যণীয় হয়, প্রথম থেকেই কি এরকম ছিলো?
শাহেদ: আমি প্রথম দুটি অ্যালবাম থেকে তৃতীয় অ্যালবামের গানগুলোতে নিজেকে একেবারেই বদলে ফেলি। প্রথম দুটি অ্যালবাম করেছি কোনো কিছু না বুঝেই। গিটার প্যার্টান আমার, তার সঙ্গে অলঙ্করণ যোগ করা হয়েছে। তবে খুব বেশি পরিশ্রম করিনি। তৃতীয় অ্যালবাম ‘গান নেবেন গান’… বিশেষ করে ‘রোকযানা’র কথা বলতে গেলে যতোই কম করে বলি, তবুও বগি ভাইয়ের নাম বলতেই হবে। সবদিক থেকেই তিনি এই গানটির জন্য অবদান রেখেছেন। গানটির আরেকটি ভার্সন হয়েছিলো, সেটায় এলোমেলাভাব আছে। প্রথম রেকর্ডিং করা হয় সেটি। পরে বগি ভাই আরেকবার রেকর্ড করতে বললেন। তখন আমার আর বগি ভাইয়ের মধ্যে গবেষণা শুরু হলো। এরপরে পান্থ কানাই অসাধারণ এক হাইএটস-এর কাজ দিলো, এক সুইং দিতো সে। ওই সুইং খুব ধারাবাহিকভাবে রেখেছি গানে, সিঙ্গেল টেকে রেকর্ড হয়। ক্ল্যাসিক কাজ। ওই সুইংটাতেই কম্পোজিশনের অনেকখানি দাড়িয়েছে। লিড বাজায় রেজা ভাই, বাঁশি এবং রোডস বাজায় পাবলো ভাই। পুরো ব্যাপারটিতে ছিলো বগি ভাইয়ের নির্দেশনা। তখন আমরা খুব নিবেদিত ছিলাম সংগীতের প্রতি। যার ফল ওই গানটি। এখন আমাকে বললে, আমি আরেকটি ‘রোকযানা’ তৈরি করতে পারবো না। এটাই নিয়তি…
গ্লিটজ: সিকুয়াল, প্রিকুয়ালের ইচ্ছা করে না?
শাহেদ: না না, রোকযানাকে নিয়ে কাজ বলতে একটিই অ্যালবাম করবো। এত প্রশ্ন এটা নিয়ে, ভাবলাম অ্যালবাম করি… রোকযানার…
গ্লিটজ: সেই অ্যালবামটিতে প্রসঙ্গ না শুধু নামের পুনরাবৃত্তি ঘটবে?
শাহেদ: প্রসঙ্গ হয়তো আসবে না… নামটা অবশ্যই আসবে, অন্য কোনো ভাবনায় অন্য কোনোভাবে।
গ্লিটজ: ছোটবেলায় গান-বাজনা ছাড়া আর কী করতেন?
উত্তর: ক্রিকেট, ব্যাডমিন্টন খুব ভালো খেলতাম। ফুটবলে একদম জঘন্য খেলোয়াড় ছিলাম। ইদানিং লক্ষ্য করছি আমার ফুটবল স্কিল বেড়েছে। এখন যদি সতেরো-আঠারো বছর বয়স হতো, আমি ভালো করতাম।
গ্লিটজ: বর্তমানে সংগীতের বাজার খুব খারাপ, আপনার কি মনে হয়?
গ্লিটজ: এটাকে আপনি খারাপ বলছেন?
শাহেদ: এটা সামগ্রিক অর্থে গানের জন্য অস্বাভাবিক ব্যাপার। টাকা অর্থ্যাৎ ঐশ্বর্য্য দিয়ে যে গান হয় না, দুনিয়ার সবাই জানে। গান স্বতঃস্ফুর্ত একটা বিষয়, একেকটা মানুষ একেক রকমের জীবন যাপনের ভিতর দিয়ে যায়, তার ইনার ফিলিংসে জানেও না যে কখন কি ঘটছে। হয়তো শিক্ষা এক্ষেত্রে সহজাত বিষয়টিকে সহজ করতে ভূমিকা রাখে। তবু একজন শিল্পী কেন তার সবচেয়ে ভালো বা জনপ্রিয়তম কাজটির চেয়ে আরও ভালো কিছু করতে পারে না! রবীন্দ্রনাথের সব গানই কেন কালোত্তীর্ণ হয় না!
শাহেদ: আজকাল রিমিক্স হচ্ছে, ফিউশন হচ্ছে, এমনকি মিশ্র কথারও লোকসংগীত চর্চা হচ্ছে, কেমন মনে করছেন?
উত্তর: ভালো হলেই ভালো লাগে। কোনো বিষয়ে খুব যে রক্ষণশীল থাকবো তা না, ভাঙ্গাগড়া হবেই। এটা নদীর মতো বহমান। তাকে যদি আটকে দেন তাহলে সে আবদ্ধ হয়ে যাবে। নদীর সাবলীলতা হারাবে।
গ্লিটজ: লোকসংগীত নিয়ে চর্চাটা কি এভাবেই হওয়া উচিত?
শাহেদ: আমি ফোককে অ্যাকাডেমিক করে ফেলার পক্ষপাতি না। এটা একটা জীবনব্যবস্থা। যেমন— পাশ্চাত্যের রক মিউজিক এক ধরনের জীবনপ্রথা। ফোক মিউজিকটাও তেমন। বাউল গান একটা জীবনধারা, জীবনব্যবস্থা। বই পড়ে শিক্ষিত মানুষের মস্তিষ্ক সেসবের মানসিক দিক বোঝার চেষ্টা করতেই পারে। তবে সেই জীবনধারায় না গেলে আসল স্বাদটি পাবে না কখনও। অ্যাকাডেমিকরা সেটা নিয়ে নাড়াচাড়া করতে পারে। কিছু লোকের জানার ইচ্ছা আছে, ভালো। সেটা হতে পারে। কিন্তু গ্রামার বেঁধে দেওয়া ঠিক না। যখনই বেধে দিচ্ছেন, তখনই সুবিধা। কিন্তু বিষয়গুলো বোঝা সম্ভব না...আমাদের দেশে অনেক শিল্পী আছেন যারা চাকরি করেন। স্টেজে ওঠার আগেই গেড়ুয়া পোশাক পরেন। আমার কাছে জোকার মনে হয় তাদের। এরকম কেনো, এরা কী এতোই নির্বোধ!
গ্লিটজ: আপনি নিজে লোকধারা সম্পর্কে কি ভাবনা পোষণ করেন?
শাহেদ: আমি বাউল ধর্মে দীক্ষিত না, আমি বাউল জীবন ব্যবস্থায় অভ্যস্থ না। তবুও ওপর থেকে বা পাশ থেকে যতোটুকু বুঝতে পারি এবং আমার মনে হয়, নির্লোভ হওয়ার শিক্ষা, অবৈষয়িক হওয়াই মূল। আমি যখনই চিন্তা করবো জিনিসটি আমার, তখন জিনিসটির প্রতি মায়া হবে। তখনই তাকে সংরক্ষণের চিন্তা আসবে এবং মূল অসুবিধা তখনই। আমিই তো থাকবো না, পৃথিবী থাকবে না, সূর্য থাকবে না, এই মহাজগৎও থাকবে না। পৃথিবী জন্মের পরে এখনও আলো এসে পৌছেনি এমন যে তারাটি আছে, সেও থাকবে না। কিসের জন্য এতো কিছু?
গ্লিটজ: আপনাকে অনেকেই ভবঘুরে বলে, আপনার ঘুরে বেড়ানোর উদ্দেশ্য কী?
শাহেদ: সবাই বলে আমি খুব ঘুরে বেড়াই, কিন্তু আমার মনে হয় কই ঘুরছি, ঘুরতে পারছি কই। আমি তৃপ্ত না। মানে সত্যিকার অর্থে ঘুরতে পারিনি মনে হয়।
গ্লিটজ: অ্যালবামের কাজ ছাড়া আর কিছু করছেন?
শাহেদ: এখন আমার দুটি কাজ, ‘মালেকা রোকযানা’ অ্যালবাম এবং আমার অভিজ্ঞতা নিয়ে লেখা শেষ করা। আগামী বছরের বইমেলায় আসতে পারে বইটি, যদি শেষ হয়। নাম এখনো ঠিক করিনি।
