বেইলি রোডে আগুন: শিল্পকলায় স্থগিত ‘দলছুটের’ পরিবেশনা
জাতীয় যুব ও শিশুকিশোর নাট্য উৎসবে গভীর সমবেদনায় স্মরণ করা হবে অগ্নিকাণ্ডে নিহতদের।
বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শোক জানিয়ে শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির উন্মুক্ত প্রাঙ্গনে আর্ট মার্কেটের ব্যান্ডসংগীত পরিবেশনা স্থগিত করা হয়েছে।
শুক্রবার এক ক্ষুদে বার্তায় একাডেমির জনসংযোগ বিভাগ থেকে তথ্য জানানো হয়।
জনসংযোগ বিভাগে যোগাযোগ করলে সেখান থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানায়, এদিন আর্ট মার্কেটের নিয়মিত যে প্রদর্শনী, সেটি চলবে।
তবে আর্ট মার্কেট উপলক্ষে প্রতি সন্ধ্যায় একাডেমির মুক্তমঞ্চে ব্যান্ডসংগীত থাকলেও অগ্নিকান্ডের ঘটনার কারণে শুক্রবার সেটি বন্ধ রাখা হচ্ছে।
এদিন বাপ্পা মজুমদারের দলছুট এই মঞ্চে গান পরিবেশনের কথা ছিল।
জনসংযোগ বিভাগ সূত্রে জানা গেছে, একাডেমির বিভিন্ন মিলনায়তনে চলছে জাতীয় যুব ও শিশুকিশোর নাট্য উৎসব। সেই নাটকের প্রদর্শনীও চলবে। ইতোমধ্যে উৎসবে অংশ নিতে ঢাকার বাইরে থেকে অনেক দল ঢাকায় এসেছে।
শুক্রবার ঢাকা, দিনাজপুর, নীলফামারী, ফরিদপুর, ফরিদপুর, কক্সবাজার, কুষ্টিয়ার শিশুকিশোর ও যুব নাট্যশিল্পীরা নাটক পরিবেশন করবে।
নাটক পরিবেশনের আগে অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণ করা হবে গভীর সমবেদনায়।
