২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ বছর পূর্তিতে চার সিনেমার প্রযোজনায় স্টার সিনেপ্লেক্স

এর মধ্যে তিনটি সিনেমা আগামী বছরই মুক্তি দেওয়া যাবে বলে আশা করছেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান।

১৮ বছর পূর্তিতে চার সিনেমার প্রযোজনায় স্টার সিনেপ্লেক্স

স্টার সিনেপ্লেক্সের ১৮ বছর পূর্তি উদযাপন

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2022, 12:40 PM

Updated : 09 Oct 2022, 12:41 PM

দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্সের ১৮ বছর পূর্তিতে চারটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

শনিবার ঢাকার মহাখালীতে এসকে টাওয়ার শাখায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুব রহমান এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‌“বাংলা সিনেমায় এখন নতুন হাওয়া বইছে। এতে আমরা খুবই আনন্দিত। আমাদের সিনেমাও জেগে উঠেছে। সেই আনন্দের রেশ ধরে এ শুভদিনে জানাতে চাই, আমরা চারটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি।

“স্ক্রিপ্ট চলছে। আশা করছি আসছে বছরে অন্তত তিনটি সিনেমা আপনাদের উপহার দিতে পারব। কারণ, বাংলা সিনেমার এ হাওয়া আমাদের সবাইকে মিলে ধরে রাখতে হবে।”

মাহবুব বলেন, “মনে পড়ে ২০১৮ সালের কথা। তখন আমরা খুব হতাশ হয়ে পড়েছিলাম। কারণ, আমাদের মত করে বাংলা সিনেমা পাচ্ছিলাম না।

“সেই হতাশা থেকেই ‘ন ডরাই’ সিনেমাটি নির্মাণ করেছি এবং দারুণভাবে সফল হয়েছি। সিনেমাটি ছয়টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে।”

দেশে করোনাভাইরাস মহামারীর লকডাউনে সিনেমাহলগুলোকে কঠিন সময় পার করতে হয়েছে জানিয়ে তিনি বলেন, “এখন বাংলা সিনেমা জেগে উঠেছে। আশার কথা, আবারও আমরা ঘুরে দাঁড়িয়েছি।”

দেড় যুগ পূর্তির অনুষ্ঠানে স্টার সিনেপ্লেক্সের সাফল্য তুলে ধরে তিনি বলেন, “আজ আমরা ১৮ বছর অতিক্রম করলাম। তার চেয়ে বড় বিষয় ১৮ বছরে আমরা ১৮টি স্ক্রিন দিতে পেরেছি। কিন্তু আমার লক্ষ্য সেঞ্চুরি। সেই লক্ষ্যে আমি নিরন্তর কাজ করে চলেছি।

“এরমধ্যে অনেকগুলো জেলায় প্রজেক্ট চলছে, কিছু জেলায় জায়গা খুঁজছি। আমার বিশ্বাস আমরা যদি ১০০ স্ক্রিন যোগ করতে পারি…আমাদের প্রেক্ষাগৃহ সংকট কেটে যাবে বলে বিশ্বাস করি। এজন্য প্রয়োজন ‘পরাণ’, ‘হাওয়া’, ‘অপারেশন সুন্দরবন’ এবং দামালের মতো সিনেমা।”

ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে ২০০৪ সালের ৮ অক্টোবর যাত্রা শুরু হয় স্টার সিনেপ্লেক্সের। ভালো পরিবেশ, উন্নত সাউন্ড সিস্টেম ও আধুনিক প্রযুক্তি যোগ করে সিনেমাপ্রেমীদের আকৃষ্ট করে প্রেক্ষাগৃহটি।

দেশের সিনেমার পাশাপাশি দেশের বাইরের সিনেমাও সেখানে দেখানো হয়। বসুন্ধরা সিটি শপিং মলে প্রথম শাখা ছাড়াও ধানমণ্ডির সীমান্ত স্কয়ার এবং মহাখালীর এসকেএস টাওয়ার, মিরপুরের সনি স্কয়ার এবং সামরিক জাদুঘরে এর শাখা রয়েছে।

স্টার সিনেপ্লেক্সের দেড় যুগ পূর্তির অনুষ্ঠানে দামাল সিনেমার পরিচালক রায়হান রাফী, অভিনেতা সিয়াম আহমেদ, রাশেদ মামুন অপু, অভিনেত্রী বিদ্যা সিনহা মীম, আজমেরী হক বাঁধন, সুনেরাহ বিনতে কামাল, নির্মাতা চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, অভিনেতা সাইমন সাদিক, জিয়াউল রোশানসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেই উপস্থিত ছিলেন।