ভালোবাসা, অপরাধবোধ আর অনুশোচনার গল্পে নাটক ‘কাচের চুড়ি’
১৩ নভেম্বার জাগো ইন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রচার হবে নাটকটি।
ভালোবাসা, বিশ্বাস আর জীবনের রূঢ় কিছু বাস্তবতার গল্প নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘কাচের চুড়ি’।
রাখি চৌধুরীর রচনা ও জুবায়ের ইবনে বকরের পরিচালনায় নাটকটি প্রচার হবে আগামী ১৩ নভেম্বার জাগো ইন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে।
বিজ্ঞপ্তিতে প্রযোজনা প্রতিষ্ঠান জাগো জানিয়েছে, নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জাহের আলভী, ইফফাত আরা তিথি, আশরাফুল আলম সোহাগ, জোনাক।
নাটকের চিত্রনাট্য তৈরি হয়েছে এক দরিদ্র দম্পতি রমিজ ও শিউলিকে ঘিরে। সংসারে অভাবের টানাপোড়েন, দিন গুজরানের সংগ্রাম আর ছোট ছোট চাহিদা মিলে গড়ে উঠেছে তাদের জীবনের জটিল এক অধ্যায়। তবে তাদের ভালোবাসার সম্পর্কে তৃতীয় ব্যক্তি চলে আসে। তৈরি হয় ভুল বোঝাবুঝি, অপরাধবোধ আর অনুশোচনা। শেষ পর্যন্ত ভালোবাসা, ত্যাগ আর আত্মসম্মানের সংঘর্ষেই গড়ে ওঠে নাটকটির পরিণতি।
নির্মাতা জুবায়ের ইবনে বকর বলেছেন, নাটকটি নির্মিত হয়েছে বাস্তবধর্মী আবহে, যেখানে প্রতিটি চরিত্রই দর্শকদের জীবনের সঙ্গে মিশে যাবে। তাই দর্শকের নাটকটি ভালো লাগবে।
