১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রেইলারে ‘ওসিডি’: চমকে দেওয়া জয়া

‘পরিচ্ছন্নতার নেশা যখন হয়ে ওঠে নিখুঁত প্রতিশোধের ব্লুপ্রিন্ট’

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2026, 11:04 AM

Updated : 10 Sep 2026, 12:47 PM

শৈশবের তিক্ত অভিজ্ঞতা কীভাবে একজন শিশুর ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে, সে গল্প নিয়ে আসছে কলকাতার সিনেমা ‘ওসিডি’। 

যেখানে মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জয়া আহসান। সিনেমার ট্রেইলার এসেছে সামনে।  ১ মিনিট ৪৮ সেকেন্ডের ভিডিওতে চমকে দিয়েছেন জয়া। 

জয়া সোশাল মিডিয়ায় ট্রেইলার প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘পরিচ্ছন্নতার নেশা যখন হয়ে ওঠে নিখুঁত প্রতিশোধের ব্লুপ্রিন্ট’। 

শৈশবের কোনও খারাপ অভিজ্ঞতা যখন কোনো শিশুকে সারাজীবন বয়ে বেড়াতে হয়, তখন আগামীতে সেটা তাকে কতটা ভয়ানক প্রতিশোধস্পৃহ করে তোলে কিংবা বিষয়টি কীভাবে একজন মানুষের ভেতরে অপরাধপ্রবণতার জন্ম দেয়, সিনেমার ঝলকে জয়ার মাধ্যমে সেই বাস্তবতাই ফুটে উঠেছে পরতে পরতে।

শিশু নির্যাতনের দীর্ঘমেয়াদি মানসিক প্রভাবকে ঘিরে ‘ওসিডি’র গল্প এগিয়ে নিয়েছেন পরিচালক সৌকর্য ঘোষাল।

চিত্রনাট্যে একজন চিকিৎসকের ভূমিকায় আসছেন জয়া। তার চরিত্রের নাম শ্বেতা। যার জীবনে রয়েছে অতীতের ধূসর ছায়া। যা তাড়া করে বেড়ায় প্রতিনিয়ত। শ্বেতার সেই অতীত সম্পর্কে তার এক রোগী হঠাৎই জেনে যাওয়ার ফলে চরম সিদ্ধান্ত নেন তিনি।

শ্বেতা ওই রোগীকে হত্যা করেন। এভাবেই তার বিরুদ্ধাচরণ করা প্রতিটি মানুষকেই শেষ করে দিতে চাওয়ার মানসিকতা জন্ম নেয় শ্বেতার মধ্যে।

সৌকর্য বলেছেন, এটি মূলত সাইকোলজিক্যাল ড্রামা; এই সিনেমা তার এক প্রতিবাদের ভাষা।

ওসিডির শুটিং শুরু হয়েছিল ২০২১ সালে। পরের বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। এর পর আরও কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে।

সিনেমায় আরও আছেন কৌশিক সেন, অনসূয়া মজুমদার, কনীনিকা বন্দ্যোপাধ্যায়। আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘ওসিডি’।