Published : 01 Feb 2026, 03:38 PM
বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় জুটি শাবনাজ ও নাঈমের মেয়ে মাহদিয়াহ নাঈম মুরাদের বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়েছে।
গত বছরের ২৪ ডিসেম্বর ঢাকায় পারিবারিক আয়োজনে মাহদিয়াহর বিয়ে হয় বলে গ্লিটজকে জানিয়েছেন অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌ।
তিনি বলেন, “ইহসান মনসুর চৌধুরীর সঙ্গে আমাদের মেয়ের বিয়ে হয়েছে গত ২৪ ডিসেম্বর। চোখের পলকেই আমাদের ছোট্ট মেয়েটি জীবনের এক নতুন অধ্যায়ে পা রেখেছে। তাদের জীবনের এই নতুন পথচলায় মাহদিয়াহ ও ইহসানের জন্য আমরা সবার ভালোবাসা ও দোয়া প্রত্যাশা করি।”
শাবনাজ ও নাঈমের মেয়ে মাহদিয়াহ নাঈম মুরাদের সঙ্গে অস্ট্রেলিয়া প্রবাসী ইহসান মনসুর চৌধুরীর বিয়ে হয়েছে গত ২৪ ডিসেম্বর
মাহদিয়াহর স্বামী ইহসান মনসুর চৌধুরী সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন। বিয়ের পর নবদম্পতি অস্ট্রেলিয়া চলে গেছেন।
এদিকে মেয়ের নতুন জীবনের জন্য দোয়া চেয়ে ফেইসবুকে একটি পোস্ট দিয়েছেন নাঈম।
সেখানে তিনি লিখেছেন, “অপরিসীম কৃতজ্ঞতা ও শুকরিয়া আদায় করে আল্লাহ তাআলার দরবারে জানাচ্ছি, আমাদের প্রিয় কন্যা মাহদিয়াহ নাঈমের সঙ্গে ইহসান মনসুর চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
“নবদম্পতির নতুন জীবনের শুরুতে আপনাদের দোয়া ও মোনাজাত বিনীতভাবে কামনা করছি। আল্লাহ তাআলা যেন তাদের দাম্পত্য জীবনে ভালোবাসা, পারস্পরিক বোঝাপড়া ও বরকত দান করেন।”
শাবনাজ ও নাঈমের মেয়ে মাহদিয়াহ নাঈম মুরাদের সঙ্গে অস্ট্রেলিয়া প্রবাসী ইহসান মনসুর চৌধুরীর বিয়ে হয়েছে গত ২৪ ডিসেম্বর
১৯৯১ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ চলচ্চিত্রের মাধ্যমে রূপালি পর্দায় পথচলা শুরু করে নাঈম–শাবনাজ জুটি। দর্শকদের তারা উপহার দিয়েছেন বেশ কয়েকটি জনপ্রিয় চলচ্চিত্র।
একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ের পর চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন এই তারকা দম্পতি। এক ছেলে ও এক মেয়ের বাবা-মা তারা।