১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

মঞ্চে আসছে চারণিকের ‘কালযাত্রা’

নাটকটি ১৬ ও ১৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় দেখা যাবে।

মঞ্চে আসছে চারণিকের ‘কালযাত্রা’
‘কালযাত্রা’ নাটকের পোস্টার

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 06 Sep 2026, 11:04 AM

Updated : 17 Sep 2026, 02:55 AM

এক প্রয়াত যাত্রাশিল্পীর মৃত্যুর পর জানাজা সম্পন্ন করাকে কেন্দ্র করে সমাজ ও ক্ষমতার মনস্তাত্ত্বিক দেয়ালকে প্রশ্নবিদ্ধ করে নাট্যদল ‘চারণিক’ মঞ্চে আনছে নতুন নাটক 'কালযাত্রা: একটি নিষিদ্ধ জানাজার গল্প'।

মাহফুজা হিলালীর রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। এটি চারণিকের ষষ্ঠতম প্রযোজনা। নাটকটি আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৭টায় দেখা যাবে।     

নাটকের গল্পটি এক সময়ের আলোড়ন সৃষ্টিকারী যাত্রাশিল্পী প্রিন্সেস মহিমা এবং তার মেয়ে কুমকুমের জীবনের গল্প নিয়ে। 

যাত্রামঞ্চের আলো হয়ে জীবন পার করা মহিমা কখনো সীতা, কখনো দ্রৌপদী কিংবা বেহুলা সেজে দর্শকদের মুগ্ধ করেছেন। চরিত্র আর সময় বদলালেও তার জীবন থেকে মোছেনি অপমান, ক্ষত আর না-পাওয়ার বেদনা।  

মহিমার মৃত্যুর পর তার একমাত্র শেষ ইচ্ছা ছিল অতি সাধারণ একটি জানাজা। কিন্তু মায়ের এই শেষ ইচ্ছা পূরণ করতে গিয়ে মেয়ে কুমকুম একের পর এক বন্ধ দরজার মুখোমুখি হন। ধর্মীয় বিধান, সামাজিক নিষেধ আর ক্ষমতার অদৃশ্য হিসাবের সামনে দাঁড়িয়ে তিনি বুঝতে পারেন, মানুষকে ঘিরে থাকা সবচেয়ে শক্ত দেয়াল ইট-পাথরের নয়; বরং তা তৈরি হয় পরিচয়, ভয় আর নিষেধের প্রাচীর দিয়ে।

মায়ের ইচ্ছার সামনে দাঁড়িয়ে কুমকুম যখন এক দরজা থেকে আরেক দরজায় যান, তখনই তার স্মৃতির পর্দা খুলতে থাকে। অতীতে মহিমার ছেড়ে আসা মঞ্চের পৌরাণিক ও সামাজিক চরিত্রগুলো দ্রৌপদীর তীব্র প্রশ্ন, বেহুলার দীর্ঘ প্রতীক্ষা আর সীতার অগ্নিপরীক্ষা যেন এসে দাঁড়ায় শরীরে। এভাবে বাস্তবতার সঙ্গে অভিনয়ের জীবন একাকার হয়ে এগিয়ে যাবে গল্পটি। 

নাট্যকার মাহফুজা হিলালী জানিয়েছেন, শিল্প ও শিল্পীর প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি এবং বিশেষ করে নারী শিল্পীদের ইতিহাসজুড়ে বঞ্চনা ও নিষ্পেষণের গল্পই তার এ নাটকের মূল অন্বেষণ।

নির্দেশক শামীম সাগর বলেন, “কোনো ধর্মকে ‘কালযাত্রা’ কাঠগড়ায় দাঁড় করায় না, বরং ধর্মের নামে মানুষের তৈরি সংকীর্ণতা ও নিষ্ঠুরতাকে প্রশ্ন করে। এটি দর্শককে নিজের বিবেকের মুখোমুখি দাঁড় করানোর একটি চেষ্টা।”

প্রযোজনাটিতে একক অভিনয় করবেন সাফিয়া খন্দকার রেখা।

নাটকটির শিল্প নির্দেশনা ও পোস্টার ডিজাইন করেছেন চারু পিন্টু। সহকারী নির্দেশক ও আবহ সংগীত প্রক্ষেপণে আন্দালিব মোস্তফা লালন, নৃত্য নির্দেশনায় ফাহমিদা কাকলি এবং প্রযোজনা অধিকর্তার দায়িত্বে আছেন মো. রেজাউল করিম রেজা।

‘নাটক মোদের অধিকার, রুখবে নাটক সাধ্য কার’ স্লোগান নিয়ে ২০১০ সালের ২৫ অক্টোবর যাত্রা শুরু করে থিয়েটার চারণিক।