১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘আজ আমি যা, সবকিছু তার জন্য’, সেলিম খানকে নিয়ে শাহরুখ

“সেলিম খান স্থিতিশীল আছেন, সব মিলিয়ে বেশ ভালোভাবেই সাড়া দিচ্ছেন।”

‘আজ আমি যা, সবকিছু তার জন্য’, সেলিম খানকে নিয়ে শাহরুখ
অসুস্থ সেলিম খানকে দেখতে গেলেন শাহরুখ খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2026, 05:43 PM

Updated : 26 Aug 2026, 03:00 PM

অভিনেতা হওয়ার স্বপ্ন নিয়ে দিল্লি থেকে মুম্বাইয়ে আসা যে তরুণ সংগ্রামের মুখে পড়েছিলেন, সেই অভিনেতা শাহরুখ খান কৃতজ্ঞতাভরে স্মরণ করলেন চিত্রনাট্যকার সেলিম খানের কথা।

মুম্বাইয়ে লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন সেলিম খানকে দেখে এসে শাহরুখ খান এ নিয়ে কথা বলেছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে।

শাহরুখ বলেন, “আজ আমি যা, তার সবকিছু সেলিম খান ও তার পরিবারের জন্য। আমার নিজেকে প্রতিষ্ঠা করার পেছনে তার অবদান অনস্বীকার্য।”

শাহরুখ বলেন, তার শুরুর জীবনে সেলিম খানের পুরো পরিবার তার পাশে ছিল। 

শাহরুখ সেলিম খানকে দেখতে হাসপাতালে যান শনিবার রাতে। সেখানে তিনি প্রবীণ এই চিত্রনাট্যকার শারীরিক অবস্থার খোঁজখবর নেন বলে এনডিটিভি লিখেছে। সে সময় সেলিম খানের তিন ছেলে সালমান খান, আরবাজ খান ও সোহেল খান উপস্থিত ছিলেন। 

সেলিমকে দেখতে এর আগে হাসপাতালে গিয়েছিলেন তার বন্ধু জাভেদ আখতার এবং অভিনেতা সঞ্জয় দত্ত ও আমির খানসহ বলিউড ইন্ডাস্ট্রির আরও অনেকে। সেলিমের সাবেক পুত্রবধূ মালাইকা অরোরাও গিয়েছিলেন তার ছেলে আরহান খানকে নিয়ে। সে সময় দাদা সেলিমের জন্য প্রার্থনা করতেও দেখা গিয়েছে আরহানকে।

এখন যেমন আছেন সেলিম খান 

রোববার সেলিমের চিকিৎসক জলিল পার্কার জানিয়েছেন, নতুন করে অবস্থার অবনতি হয়নি বর্ষীয়ান চিত্রনাট্যকারের। তাকে এখনো আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

সেলিমকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়া হয় মঙ্গলবার সকালে। রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়ার পর তার মস্তিষ্কের ডান পাশে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। চিকিৎসকেরা বলেছিলেন, একটি রক্তনালি ফেটে যাওয়ার কারণেই এই জটিলতা তৈরি হয়। হাসপাতালে ভর্তির পর প্রবীণ এই চিত্রনাট্যকারে মস্তিষ্কে অস্ত্রোপচারও করা হয়। এরপর থেকে তাকে ভেন্টিলেশনে রাখা হয়।

চিকিৎসক জলিল পার্কার বলেন, “সকালে ডিএসএ নামে একটি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আশা করছি আগামীকাল ভেন্টিলেটর থেকে সরানো যাবে। বয়সের বিষয়টি বিবেচনায় নিয়ে সুস্থ হতে কিছুটা সময় লাগতে পারে।” 

‘আপাতত শঙ্কার কিছু নেই’ জানিয়ে চিকিৎসক বলেন, “সেলিম খান ভালো আছেন, স্থিতিশীল আছেন। সব মিলিয়ে বেশ ভালোভাবেই সাড়া দিচ্ছেন।”

আরও পড়ুন

চিত্রনাট্যকার সেলিম খান 'ভেন্টিলেশনে'

বাবা সেলিম খান হাসপাতালেছুটে যান সালমান