১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাবা সেলিম খান হাসপাতালে, ছুটে যান সালমান

হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে সেলিম খানকে।

বাবা সেলিম খান হাসপাতালে, ছুটে যান সালমান
সেলিম খান।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2026, 03:53 PM

Updated : 26 Aug 2026, 02:58 PM

বলিউডের বর্ষীয়ান চিত্রনাট্যকার, পরিচালক ও প্রযোজক সেলিম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনডিটিভি লিখেছে, মুম্বাইয়ের বান্দ্রার লীলাবতী হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯০ বছর বয়সী এই চিত্রনাট্যকার। মঙ্গলবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন আছেন।

বাবাকে দেখতে হাসপাতালে ছুটে যান তার বড় ছেলে অভিনেতা সালমান খান। চিন্তিত মুখে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে দেখা গেছে সালমানকে। 

এ ছাড়া সেলিম খানের মেয়ে আলভিরা খান, জামাতা অতুল অগ্নিহোত্রী, নাতি আয়ান অগ্নিহোত্রী এবং দত্তক কন্যা অর্পিতা খানের স্বামী অভিনেতা আয়ুষ শর্মাও হাসপাতালে যান।

তবে প্রবীণ এই চিত্রনাট্যকারের কী হয়েছে, তা এখনও স্পষ্ট করে জানা যায়নি। পরিবার থেকেও এই বিষয়ে এখনো কিছু প্রকাশ করা হয়নি।  

বলিউডের ইতিহাসে তার অবদান অনস্বীকার্য। বিশেষ করে জাভেদ আখতারের সঙ্গে তার জুটি হিন্দি চলচ্চিত্রের মোড় ঘুরিয়ে দিয়েছিল। ‘শোলে’, ‘জঞ্জির’, ‘হাতি মেরে সাথি’, ‘দিওয়ার’ কিংবা ‘মিস্টার ইন্ডিয়ার' মত কালজয়ী সিনেমার চিত্রনাট্য তারই কলম থেকে বেরিয়েছে। 

গত বছর ২৪ নভেম্বরই নিজের ৯০তম জন্মবার্ষিকী পালন করেছেন সেলিম খান। এর কয়েক দিন আগে প্রথম স্ত্রী সালমা খানের সঙ্গে ৬১তম বিবাহবার্ষিকী উদযাপন করেন তিনি। 

ব্যক্তিজীবনে সেলিম খান প্রথমে সালমা খানকে বিয়ে করেন। তাদের চার সন্তান—সালমান, আরবাজ, সোহেল ও আলভিরা। পরে তিনি অভিনেত্রী হেলেনকে বিয়ে করেন।

গত বছর তার ছোট ছেলে ও প্রযোজক সোহেল খান সোশাল মিডিয়ায় বাবা-মা এবং সৎমা হেলেনের একটি ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, “সবচেয়ে সেরা ত্রিভুজ সিরিজ।”

এক টেলিভিশন অনুষ্ঠানে সালমান খান বলেছিলেন, বয়স হলেও তার বাবা এখনো খাওয়াদাওয়ায় আগ্রহী। দিনে দুইবার তিনি পরোটা, ভাত, মাংস ও মিষ্টান্ন খান। 

সেলিম খান এই বয়সেও প্রতিদিন হাঁটতে বের হওয়ার অভ্যাস বজায় রেখেছে। বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকা বাসা থেকে সমুদ্রতীরবর্তী ব্যান্ডস্ট্যান্ড এলাকা পর্যন্ত তিনি হাঁটেন। 

১৯৬০ সালে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রজীবন শুরু করেন সেলিম খান। ‘তিসরি মঞ্জিল’ ও ‘সরহাদি লুটেরা’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে তিনি ‘প্রিন্স সালিম’ নামে অভিনয় করেছিলেন।