২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

শাকিব খান কেমন? জ্যোতির্ময়ী বললেন, ‘খুব ধীরস্থির, শান্ত স্বভাবের’

শাকিবকে নিয়ে কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু বলেন, "উনি আসলে সব এনার্জি সঞ্চয় করেন শটের জন্য।”

শাকিব খান কেমন? জ্যোতির্ময়ী বললেন, ‘খুব ধীরস্থির, শান্ত স্বভাবের’
শাকিব খান ও জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবি: ফেইসবুক থেকে নেওয়া।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2026, 12:56 PM

Updated : 26 Aug 2026, 02:51 PM

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান শুটিং সেটে তার ‘সব শক্তি অভিনয়ের জন্য সঞ্চয় রাখেন’ বলে মন্তব্য করেছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। 

এই অভিনেত্রী শাকিবের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার সহশিল্পী; এই সিনেমাটি রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে। 

আনন্দবাজার পত্রিকায় শাকিবের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন জ্যোতির্ময়ী।

তিনি বলেন, “শাকিব খান খুব ধীরস্থির, শান্ত স্বভাবের। আবার একেবারে যে কথা বলেন না তেমন নয়। তবে সময়ে সময়ে মজার কথা বলতেও ছাড়েন না। আমি যেটা বুঝেছি উনি আসলে সব এনার্জি সঞ্চয় করেন শটের জন্য।” 

জ্যোতির্ময়ীর বড়পর্দায় যাত্রা শুরু হয় অভিনেতা দীপক অধিকারী দেবের ‘প্রজাপতি ২’ সিনেমা দিয়ে। দেব আর শাকিবের সঙ্গে কাজ করার পার্থক্য কেমন ছিল প্রশ্নে অভিনেত্রী বলেন, “খুব যে পার্থক্য আছে তা নয়। দুইজনেই মাটির মানুষ। সব কিছু সহজ করে দিতে পারেন। আর প্রচুর পরিশ্রম করতে পারেন।” 

‘প্রিন্স’ সিনেমার শুটিংয়ের একটি অংশ হয়েছে শ্রীলঙ্কায়।

এর মধ্যে সমানে এসেছে প্রিন্স' সিনেমার ১৬ সেকেন্ডের মোশন লুক। সেটি ফেইসবুকে পোস্ট করে জ্যোতির্ময়ী লিখেছেন, “একটা শহর, একটা উপাখ্যান, ঢাকা এবার বলবে প্রিন্স এর গল্প। তিনি ক্ষমতার পেছনে ছুটেন না, ক্ষমতাই তার পিছু নেয়।”

শিরিন সুলতানার প্রযোজনায় ‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের’ ব্যানারে আসছে ‘প্রিন্স’। পরিচালক আবু হায়াত মাহমুদের পরিচালনায় এই সিনেমায় শাকিবের বিপরীতে আরও অভিনয় করেছেন ঢাকার দুই অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর।

এছাড়া নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ একঝাঁক অভিনয়শিল্পী কাজ করেছেন এই সিনেমায়।

চিত্রনাট্য নব্বই দশকে ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে তৈরি হয়েছে। নায়কের নানা বয়সও দেখানো হবে। এজন্য শাকিবকে নিতে হতে পারে ‘প্রস্থেটিক’ রূপটানও।

এছাড়া ‘প্রিন্স’ সিনেমার ক্যামেরা, নৃত্য, অ্যাকশন ও রূপসজ্জা-এই চার দায়িত্বে আছেন বলিউডের কয়েকজন।

পরিচালক মাহমুদ বলেছেন, এ সিনেমার চিত্রগ্রহণের দায়িত্ব নিয়েছেন ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। ওই সিনেমারই রূপসজ্জাশিল্পী শাকিবকে সাজানোর দায়িত্বে আছেন।

সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য করেছেন তিনি ও মোহাম্মদ নাজিম উদ্দিন যৌথভাবে।

আরও পড়ুন: 

শাকিবের 'প্রিন্স': মোশন পোস্টার যে বার্তা দিল

শাকিবের 'প্রিন্সনিয়ে দুটি কথা