Published : 02 Feb 2026, 11:32 AM
আলো-ছায়ার ভেতর থেকে ভেসে উঠল কালো গাউনে মোড়া, মুখভর্তি দাড়ি, লম্বা চুল, চোখে সানগ্লাস পরা এক যুবকের ছবি। যার হাতে বিশাল ‘আগ্নেয়াস্ত্র’, সেটির নকশায় দেখা যাচ্ছে পিয়ানোর রিড।
ওই যুবক শাকিব খান। নায়কের ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমার মোশন লুক প্রকাশ হয়েছে এভাবে।
১৬ সেকেন্ডের এই মোশন লুক সোশাল মিডিয়ায় এসেছে রোববার সন্ধ্যায়।
এই লুক বুঝিয়ে দেয় নতুন সিনেমায় শাকিব পর্দায় আসছেন গ্যাংস্টার চরিত্রে। মোশন লুকের ক্যাপশনে শাকিব লিখেছেন, “একটা শহর, একটা উপাখ্যান—প্রিন্স এর আগমনে এবার কাঁপবে সারাদেশ।”
শাকিব মোশন লুকটি তার ফেইসবুকে পোস্ট করার পর অল্প সময়েই তা নজর কাড়ে দর্শক-ভক্তদের। ছড়িয়ে পড়ে মুহূর্তেই।
শিরিন সুলতানার প্রযোজনায় এবং ‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের’ ব্যানারে নির্মিত ‘প্রিন্স’ সিনেমার শুটিং চলছে শ্রীলঙ্কায়।
পরিচালক আবু হায়াত মাহমুদ শাকিবকে নিয়ে প্রিন্স বানাচ্ছেন রোজার ঈদের জন্য। এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করেছেন জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর।
এছাড়া নাসির উদ্দিন খান, রাশেদ মামুন অপু, ইন্তেখাব দিনার, ডা. এজাজ, শরীফ সিরাজসহ একঝাঁক অভিনয়শিল্পী কাজ করেছেন এই সিনেমায়।

চিত্রনাট্য নব্বই দশকে ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে তৈরি হয়েছে। যেখানে নব্বইয়ের দশকের অন্ধকার দুনিয়া উঠে আসবে। নায়কের নানা বয়সও দেখানো হবে। এজন্য শাকিবকে নিতে হতে পারে ‘প্রস্থেটিক’ রূপটানও।
এছাড়া ‘প্রিন্স’ সিনেমার ক্যামেরা, নৃত্য, অ্যাকশন ও রূপসজ্জা-এই চার দায়িত্বে আছেন বলিউডের কয়েকজন।
পরিচালক মাহমুদ বলেছেন, এ সিনেমার চিত্রগ্রহণের দায়িত্ব নিয়েছেন ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। ওই সিনেমারই রূপসজ্জাশিল্পী শাকিবকে সাজানোর দায়িত্বে আছেন।
সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য করেছেন তিনি ও মোহাম্মদ নাজিম উদ্দিন যৌথভাবে।