Published : 05 Jan 2026, 09:41 PM
সুপারস্টার শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমার শুটিং শুরু হতে চলেছে। সেইসঙ্গে এই সিনেমার নায়িকা বদল নিয়েও গুঞ্জন ছড়িয়েছে।
সিনেমার পুরো নাম ‘প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’; প্রযোজনা করছে ‘ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস’।
প্রতিষ্ঠানটির ফেইসবুক পেইজে জানানো হয়েছে, “৬ জানুয়ারি থেকে বাংলাদেশে সিনেমাটির শুটিং শুরু হচ্ছে।”
প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, শাকিবের ‘প্রিন্স’ সিনেমা নিয়ে নানা ধরনের গুঞ্জন ছড়ানো হচ্ছে। সব ধরনের প্রতিবন্ধকতা উতরে ‘প্রিন্স টিম’ এগিয়ে যাবে বলে পোস্টে লিখেছে ‘প্রিন্স; ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’।
পরিচালক আবু হায়াত মাহমুদ শাকিবকে নিয়ে প্রিন্স বানাচ্ছেন রোজার ঈদের জন্য। প্রথমে শোনা গিয়েছিল কলকাতা থেকে ইধিকা পাল অথবা রুক্মিণী মৈত্র হবেন সিনেমার নায়িকা। আর ঢাকা থেকে কে নায়িকা হচ্ছেন তা নিয়ে খানিকটা লুকোছাপাই দেখা যাচ্ছিল।
এরপর গেল বছরের নভেম্বরে খবর আসে সিনেমায় শাকিবের দ্বিতীয় নায়িকা হচ্ছেন কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু।
এর মধ্যে সোশাল মিডিয়া খবর ছড়িয়েছে জ্যোতির্ময়ী কুণ্ডু নাকি সিনেমা থেকে ‘বাদ পড়েছেন’, আর তার জায়গায় কাজ করবেন ‘অভিনেত্রী সাবিলা নূর’।
কোনো কোনো সংবাদমাধ্যম বলছে এই জ্যোতির্ময়ীর জায়গায় সাবিলার অভিনয় করার খবর ‘ভিত্তিহীন’।
সিনেমার চিত্রনাট্য নব্বই দশকে ঢাকার অপরাধজগতকে কেন্দ্র করে তৈরি হয়েছে। যেখানে নব্বইয়ের দশকের অন্ধকার দুনিয়া উঠে আসবে। নায়কের নানা বয়সও দেখানো হবে। এজন্য শাকিবকে নিতে হতে পারে ‘প্রস্থেটিক’ রূপটানও।
এছাড়া ‘প্রিন্স’ সিনেমার ক্যামেরা, নৃত্য, অ্যাকশন ও রূপসজ্জা-এই চার দায়িত্ব পালন করবেন বলিউডের কয়েকজন।
পরিচালক মাহমুদ বলেছেন, এ সিনেমার চিত্রগ্রহণের দায়িত্ব নিয়েছেন ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। ওই সিনেমারই রূপসজ্জাশিল্পী শাকিবকে সাজানোর দায়িত্বে থাকবেন।
সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য করেছেন তিনি ও মোহাম্মদ নাজিম উদ্দিন।