১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মাশরাফি জুনিয়র’ মণির মৃত্যু হচ্ছে

নমনি বলেছেন, তার অল্প সময়ের অভিনয় জীবনে যে ভালোবাসা তিনি পেয়েছেন, তা অবাক করার মত।

‘মাশরাফি জুনিয়র’ মণির মৃত্যু হচ্ছে
‘মাশরাফি জুনিয়র’ নাটকে মণি চরিত্রের অভিনেত্রী সাফানা নমনি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2024, 02:52 PM

Updated : 26 Aug 2026, 09:58 AM

দীপ্ত টেলিভিশনের ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’ ১ হাজার ৭০ পর্ব পেরোনোর পর প্রশ্ন উঠেছে, নাটকটি শেষ হচ্ছে, কী হচ্ছে না? কারণ ধারাবাহিকটির গুরুত্বপূর্ণ চরিত্র মণির মৃত্যুদৃশ্যের কয়েকটি ছবি কদিন ধরে ফেইসবুকে ঘোরাঘুরি করছে। এখন জানা যাচ্ছে, মণির মৃত্যু দেখিয়ে শেষের দিকে যাচ্ছে নাটকটি।  

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দীপ্ত টিভি জানিয়েছে, মূল চরিত্র 'মাশরাফি জুনিয়র’ খ্যাত মণি তার স্বপ্নের জাতীয় দলে খেলবে, এটি দেখতে পাওয়াই দর্শকের চাওয়া ছিল। তবে হঠাৎ করে ‘মনি’র মৃত্যু হবে। 

‘মাশরাফি জুনিয়র’ নাটকে সাফানা নমনি।

‘মাশরাফি জুনিয়র’ নাটকে সাফানা নমনি।

নাটকের পরিচালক সাজ্জাদ সুমন ফেইসবুকে লিখেছেন, “কখনো ইচ্ছার বিরুদ্ধেও কাজ করতে হয়। কখনো কিছু দৃশ্য শুটিং করতে গেলে চোখে পানিও চলে আসে। কারণ, মৃত্যুর দৃশ্যে শুটিং করার চেয়ে বোধহয় কঠিন কিছু নাই।’

সুমন বলেন, "আমরা একটি জায়গায় গিয়ে গল্প শেষ করে দেব। শেষের জায়গাটা রাখছি। তবে এমন না এটা আরও ৫০০ পর্ব বাড়বে। সেদিকে হয়ত আমরা যাব না। এটা একটি মেগা সিরিয়াল, সেখানে অনেক টুইস্ট থাকে। সেই জায়গা আমরা তৈরি করেছি। নাটকের ভক্তরা এবার নতুন কিছুর মুখোমুখি হবেন। মণির মারা যাওয়ার দৃশ্যের শুটিং করেছি গতকাল। অনেকেই ধরে নিয়েছেন, শেষ হচ্ছে নাটকটি। দর্শকদের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে কিছু পর্ব কমবেশি হতে পারে।"  

‘মাশরাফি জুনিয়র’ নাটক প্রচার হচ্ছে দীপ্ত টেলিভিশনের পর্দায় প্রতিদিন রাত সাড়ে ৮টায়।

‘মাশরাফি জুনিয়র’ নাটক প্রচার হচ্ছে দীপ্ত টেলিভিশনের পর্দায় প্রতিদিন রাত সাড়ে ৮টায়।

মণির চরিত্রে অভিনয় করা সাফানা নমনি ফেইসবুকে লিখেছেন, তার অল্প সময়ের অভিনয় জীবনে দর্শকদের কাছ থেকে তিনি যে ভালোবাসা পেয়েছেন তা ‘অবাক করার মত’।

প্রতিদিন রাত সাড়ে ৮টায় দীপ্ত টিভিতে নাটকটি প্রচারিত হচ্ছে কয়েক বছর ধরে।

আহমেদ খান হীরকের গল্পে নাটকটির চিত্রনাট্য করেছেন আসফিদুল হক, সংলাপ লিখেছেন মো: ফারুক হাসান।

নাটকটিতে অভিনয় করেছেন সোহেল তৌফিক, গোলাম ফরিদা ছন্দা, চিত্রলেখা গুহ, সমু চৌধুরী, রোজি সিদ্দিকী, তৌফিকুল ইমন, শাহজাহান সৌরভ, আজিজুন মীম, শেহজাদ ওমর। 

নাটকের লাইন প্রডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার।