২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ষাটে এসেও ‘কিং’ খানের নতুন অ্যাকশন

টিজারে শাহরুখকে বলতে শোনা যায়, “কত খুন করেছি, মনে নেই। ভালো মানুষ ছিল নাকি খারাপ, কখনও জিজ্ঞেস করিনি।”

ষাটে এসেও ‘কিং’ খানের নতুন অ্যাকশন
‘কিং’ সিনেমার টিজারে শাহরুখ খান

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 05:46 PM

Updated : 26 Aug 2026, 02:35 PM

বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন ঘিরে প্রকাশ্যে এসেছে তার বহুল প্রতীক্ষিত ‘কিং’ সিনেমার টিজার। ষাট পূর্ণ করা এই অভিনেতাকে সেখানে দেখা গেছে নতুন রূপে।     

পিঙ্কভিলা লিখেছে, ষাটতম জন্মদিনে ভক্তদের বিশেষ উপহার হিসেবে ‘কিং’ সিনেমার টিজার প্রকাশ করেছেন শাহরুখ। 

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমার ১ মিনিট ১১ সেকেন্ডের টিজারে শাহরুখকে দেখা গেছে অ্যাকশন তারকা হিসেবে। ধূসর চুল, তীক্ষ্ণ দৃষ্টি আর নির্মম অ্যাকশন সিকোয়েন্সে একদম নতুন রূপে ধরা দিয়েছেন এই অভিনেতা।    

টিজারে শাহরুখকে বলতে শোনা যায়, “কত খুন করেছি, মনে নেই। ভালো মানুষ ছিল নাকি খারাপ, কখনও জিজ্ঞেস করিনি। শুধু তাদের চোখের দিকে তাকিয়ে দেখেছি শেষ নিঃশ্বাস নিতে।”         

টিজারে দ্রুতগতির অ্যাকশন, দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল আর রোমাঞ্চকর আবহসংগীতের ব্যবহার নামের মতই ভক্তদের মন ছুঁয়েছেন কিং খান।   

‘পাঠান’ ও ‘ওয়ার’ সিনেমার পর আবারও শাহরুখকে নিয়ে অ্যাকশনধর্মী সিনেমা করেছেন সিদ্ধার্থ আনন্দ। 

‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে বড় পর্দায় প্রথমবারের মত তার মেয়ে সুহানা খানকে দেখা যাবে। বাবা-মেয়েকে পর্দায় গুরু-শিষ্যার চরিত্রে দেখা যেতে পারে।

এ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে আরও থাকছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখার্জি, অনিল কাপুর, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা ও জয়দীপ আহলাওয়াত। 

‘কিং’ সিনেমার প্রেরণা এসেছে ১৯৯৪ সালের ফরাসি ক্ল্যাসিক ‘লিয়ঁ: দ্য প্রফেশনাল’ থেকে। গল্পটি এক ভাড়াটে খুনির, যিনি এক তরুণীকে রক্ষার দায়িত্ব নেন। তরুণীকে রক্ষা করার জন্য নিজের সর্বোচ্চ বাজি রাখেন।  

শাহরুখের জন্মদিন মানেই ভক্তদের উৎসব। প্রতি বছর ২ নভেম্বর তার জন্মদিন ঘিরে মুম্বাইয়ের বান্দ্রায় তার বাড়ির সামনে দূরদূরান্ত থেকে ছুটে আসেন ভক্তরা। সকলেই অপেক্ষায় থাকেন তাকে একপলক দেখার জন্য।  

তবে এবার শাহরুখ খান তার সিনেমার টিজার প্রকাশ করে যেন ভক্তদের নিজেই দিলেন সবচেয়ে বড় উপহার। টিজার ঘিরে সোশাল মিডিয়ায় ভক্তদের উচ্ছ্বাস বেড়েছে। টিজারটি শেয়ার করে একজন ভক্ত লিখেছেন, “বাদশাহ থেকে এবার সত্যিকারের কিং!”

আরেকজন লিখেছেন, “এই সিনেমার জন্য আর অপেক্ষা সহ্য হচ্ছে না।”       

টিজারে বাদশার লুকের প্রশংসা করে একজন লিখেছেন, “শক্তিশালী চাহনি, ধূসর দাড়ি আর ট্যাটু। নির্মাতা সিদ্ধার্থ আনন্দ যেন শাহরুখ খানকে এক ভয়ংকর শক্তিতে রূপ দিয়েছেন। তার সঙ্গে দুর্ধর্ষ সংলাপ! টিজার দেখেই অন্যরকম লাগছে, ভাবুন তো সিনেমাটি পর্দায় দেখতে কেমন হবে!” 

২০২৬ সালে মুক্তি পেতে যাচ্ছে ‘কিং’ সিনেমাটি। তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। 

শাহরুখের জন্ম ১৯৬৫ সালে। দিল্লি থেকে মুম্বাইয়ে এসে পাঁচ কি সাতটি সিনেমা করার বাসনা নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখে তিনি বনে গেছেন সুপারস্টার।     

১৯৯২ সালের ২৫ জুন রাজ কুমার পরিচালিত ‘দিওয়ানা’ মুক্তি পায়। ওই সিনেমায় ধনী গায়ক ‘ববির’ চরিত্রে অভিনয় করেন শাহরুখ, তার নায়িকা ছিলেন দিব্যা ভারতী।    

‘বাজিগর’, ডর’, ‘আনজাম’ সিনেমাগুলোতে অ্যান্টিহিরো রূপেও তরুণীদের হৃদয়ে প্রেমের শিহরণ জাগিয়ে তোলেন এই অভিনেতা। 

১৯৯৫ সালে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমা দিয়ে বলিউডের ইতিহাসে প্রেমের সিনেমার এক নতুন উপাখ্যান লেখেন শাহরুখ।

এরপরের বছরগুলোতে অন্য অনেক অভিনেতার মতই নানা ধরনের চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে গেছেন তিনি। বলিউডের পরিবর্তন, ভালো-মন্দের সঙ্গে খাপ খাইয়েছেন। কখনও তার সাফল্যে বক্স অফিস ঝলমল করেছে, আবার একের পর এক ফ্লপ ছবি হতাশ করেছে ভক্ত-অনুরাগীদের।

কোভিড মহামারীর আগের কয়েক বছরে পরপর চারটি সিনেমা ফ্লপ হয়েছিল শাহরুখের। সেই চারটি সিনেমার ব্যর্থতায় শাহরুখ নিজেও বিরক্ত হয়ে বিরতি নিয়েছিলেন। এমনকি নতুন কোনো চিত্রনাট্যও শোনেননি ওই সময়। 

মহামারীর পর ‘পাঠান’ দিয়ে শাহরুখের রাজসিক প্রত্যাবর্তন হয়। একই বছরে ‘জওয়ান’ সিনেমা করে নিজেকে নিয়ে যান সাফল্যের অন্য উচ্চতায়।

সে বছর ‘ডানকি’ সিনেমা করেও সমালোচকদের প্রশংসা কুড়ান তিনি। এই তিন সিনেমা দিয়ে শাহরুখ কেবল নিজের ‘জলে পড়া’ ক্যারিয়ারকেই ভাসিয়ে তোলেননি, হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রিওকে দেখান দিশা। 

শাহরুখ খানের ক্যারিয়ার শুরু হয়েছিল টেলিভিশন ধারাবাহিক ‘ফৌজি’ দিয়ে। প্রায় ৩৫ বছর পরে ছোটপর্দায় ফিরছে 'ফৌজি ২'। 

অভিনয়ের পাশাপাশি প্রযোজনা এবং ক্রিকেট বাণিজ্যের খাতাতেও অনেক বছর হল নাম লিখিয়েছেন কিং খান। দীর্ঘ সময় ধরে জনপ্রিয়তা ধরে রাখা বলিউড অভিনেতাদের একজন তিনি। 

সিনেমার সংখ্যা এবং আয়ের দিক থেকেও শাহরুখ ভারতের শীর্ষ তারকাদের একজন।