১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘মেঘের কপাট’ আসছে ভালোবাসার ‘অনেকগুলো অর্থ’ নিয়ে

দক্ষিণ ভারতের কুশলীদের কারিগরি সহায়তা তরুণ শিল্পীদের নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক ওয়ালিদ আহমেদ।

‘মেঘের কপাট’ আসছে ভালোবাসার ‘অনেকগুলো অর্থ’ নিয়ে

সিনেমার দৃশ্যে আফরোজা, ইভান ও তন্বী

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2022, 03:27 PM

Updated : 16 Nov 2022, 03:43 PM

তারুণ্যের ভাবনা আর ভালোবাসার ‘অনেকগুলো অর্থ’ বলতে আসছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মেঘের কপাট’।

আফরোজা মোমেনের গল্প ও প্রযোজনায় সিনেমাটির দৃশ্যধারণ ইতোমধ্যে শেষ হয়েছে। দক্ষিণ ভারতের কুশলীদের কারিগরি সহায়তায় এখন পোস্ট প্রোডাকশনের কাজ চলছে বলে জানালেন প্রযোজক ও গল্পকার আফরোজা মোমেন।

মেঘের কপাট পরিচালনা করছেন ওয়ালিদ আহমেদ। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রাকিব হোসেন ইভান, যিনি চঞ্চল চৌধুরী সঙ্গে ‘দুই দিনের দুনিয়া’ ওয়েবফিল্মে অভিনয় করেছেন। নতুন এ নায়কের ‘ইতি চিত্রা’সহ আরও তিনটি চলচ্চিত্র মুক্তি অপেক্ষায়।

এ সিনেমায় দেখা যাবে সিন্ডি রোলিং ও তন্বী নামের দুজন নায়িকাকে। সিন্ডি রোলিং অভিনীত চলচ্চিত্র ‘মাসুদ রানা’ মুক্তির অপেক্ষায়। এর আগে তিনি কাজ করেছেন ‘কিস্তিমাত’, ‘মুসাফির’ ও ‘লিভ ফর লাইফ’ চলচ্চিত্রে। আর তন্বী ‘ফাগুন হাওয়া’ চলচ্চিত্রে কাজ করে প্রশংসিত হয়েছেন। 

Image

সিনেমার দৃশ্যে ইভান ও সিন্ডি

রাজু আহসান, সাইফ উজ জামান, রেজাউর রহমান রিজভী, আফরোজা মোমেন, রেহানা পারভীন হাসিসহ আরও অনেকেই অভিনয় করেছেন এ সিনেমায়। সংগীত পরিচালনা করেছেন রূপঙ্কর বাগচী। গানে কণ্ঠ দিয়েছেন রূপঙ্কর বাগচী ও আফরোজা মোমেন।

লেখক, প্রযোজক আফরোজা মোমেন গ্লিটজকে বলেন, “নিখাদ ভালোবাসার কাহিনী ‘মেঘের কপাট’। চলচ্চিত্রটিতে আমি তারুণ্যের ভাবনার জায়গাটা তুলে ধরতে চেয়েছি। আমার বিশ্বাস, এই চলচ্চিত্র দেখার পর দর্শক ভালোবাসার অনেকগুলো অর্থ খুঁজে পাবে।”

আগামী বছরের জানুয়ারিতে কয়েকটি দেশে ‘মেঘের কপাট’ মুক্তি দিতে চান আফরোজা। একই সঙ্গে সারাদেশে সিনেমা হলগুলোতে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তিনি বলেন, “দক্ষিণ ভারতের কারিগরি সহায়তা নিয়ে মানসম্মত চলচ্চিত্র উপহার দেবার আপ্রাণ চেষ্টা করছি।”

নির্মাতা ওয়ালিদ আহমেদ বলেন, “এ সিনেমার প্রতিটা চরিত্র তার সেরা কাজ উপহার দেওয়ার চেষ্টা করেছেন। মনোরম লোকেশনে চিত্রগ্রহণের সঙ্গে গল্পের জন্য মানানসই আবহ দেওয়ার চেষ্টা করেছি স্ক্রিনে। আশা করি এ সিনেমায় দর্শক নতুনত্ব পাবে।”