Published : 22 Jun 2025, 03:42 PM
ওটিটি প্ল্যাটফর্মে নতুন কনটেন্টের তালিকায় যুক্ত হয়েছে চারটি নতুন প্রযোজনা। বঙ্গতে এসেছে ‘জ্ঞানী গনি’ ওয়েব ড্রামার দ্বিতীয় পর্ব, হইচইয়ে দেখা যাচ্ছে ওয়েব সিরিজ ‘বাতাসে গুনগুন’, প্রাইম ভিডিওতে এসেছে সিনেমা ‘গ্রাউন্ড জিরো'।
নেটফ্লিক্সে শুরু হয়েছে ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ের' তৃতীয় সিজন। এসব ওয়েব ড্রামা, সিরিজ ও সিনেমার খোঁজ তুলে ধরেছে গ্লিটজ।
বঙ্গতে 'জ্ঞানী গনি ২'
ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে শনিবার থেকে দেখা যাচ্ছে ওয়েব ড্রামা 'জ্ঞানী গনি ২'। প্রথম পর্বের সাড়া পাওয়ার পর দ্বিতীয় পর্ব নিয়ে আসে প্ল্যাটফর্মটি। ইমরান ইমনের পরিচালনায় এতে অভিনয় করেছেন সালহা খানম নাদিয়া, শরাফ আহমেদ জীবন, আহসানুল হক মিনু, টুম্পা মাহবুব, শাহাদাত শিশির, মাহমুদ আলমসহ আরও অনেকে।
নাটকের গল্পে দেখা যাবে, একজন গ্রামের বাসিন্দা গনি অত্যন্ত জ্ঞানী, যিনি তার বুদ্ধি দিয়ে গ্রামের সমস্যার সমাধান করেন এবং সমাজে ন্যায়ের প্রতীক হয়ে ওঠেন। একদিন তার শ্যালক লোকমান এক মেয়েকে পালিয়ে নিয়ে এসে তার বাড়িতে উঠে। গনির কৌশলী পরিকল্পনায় বেঁচে যায় তার শ্যালকের প্রাণ। জ্ঞান দিয়ে আর কী কী সমস্যার সমাধান করে গণি সেই গল্পই দেখা যাচ্ছে নাটকে।
হইচইয়ে 'বাতাসে গুনগুন'
অরিজিৎ টোটন চক্রবর্তী পরিচালিত ওয়েব সিরিজ 'বাতাসে গুনগুন' দেখা যাচ্ছে হইচইয়ে। সিরিজে অভিনয় করেছেন সুজলা গুহ, সুহোত্র মুখোপাধ্যায়, মানালি দেসহ অনেকে।
সিরিজে দেখা গেছে মাফিয়া অধ্যুষিত এলাকার এক কলেজে বদলি হয়ে আসে প্রফেসর অরিন্দম। তার প্রেমে পড়েন কলেজছাত্রী পল্লবী। যে কোনো উপায়ে অরিন্দমের ভালোবাসা পেতে মরিয়া হয়ে ওঠে সে। একপর্যায়ে তার আহ্বানে সাড়া দেয় অরিন্দম। তার বদলে যাওয়া আচরণ অরিন্দমের স্ত্রী মিথিলার মনে সন্দেহ জাগায়।
একপর্যায়ে তিনি জানতে পারেন তার স্বামীর অন্য সম্পর্কের কথা। এদিকে পল্লবীও বুঝতে পারে অরিন্দম তাকে ধোঁকা দিয়েছে। প্রতিশোধ নেওয়ার খেলায় নামে পল্লবী। শুক্রবার থেকে দেখা যাচ্ছে সিরিজটি।
প্রাইম ভিডিওতে 'গ্রাউন্ড জিরো'
হিন্দি ভাষার সিনেমা 'গ্রাউন্ড জিরো' দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওতে। তেজস প্রভা বিজয় দেওস্কর পরিচালিত সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি।
অ্যাকশন-থ্রিলার এই সিনেমার গল্পটি বিএসএফ অফিসার নরেন্দ্র নাথ ধর দুবের চরিত্রকে কেন্দ্র করে। ২০০০ সালের গোড়ার দিকে কাশ্মীরে উগ্রপন্থীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার দায়িত্ব দেওয়া হয় দুবেকে। সন্ত্রাসী রানা তাহির নাদিমকে খুঁজে বের করতে হবে তাকে। একটি ব্যর্থ অভিযানের পর দুই বছর ধরে তদন্ত করে তিনি খুঁজে বের করেন গাজী বাবাকে।
এই দুই চরিত্র ঘিরেই এগিয়ে যাবে সিনেমার গল্প। এতে আরও অভিনয় করেছেন সাই তামহাঙ্কর, জোয়া হুসেন, মুকেশ তিওয়ারি, দীপক পরমেশ, ললিত প্রভাকর, রকি রায়না, রাহুল ভোহরাসহ অনেকে। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল এপ্রিল মাসে।
নেটফিক্সে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো সিজন থ্রি'
নেটফিক্সে শুরু হয়েছে কমেডিয়ান কপিল শর্মা শোয়ের তৃতীয় সিজন। কপিল শর্মা, অর্চনা পূরণ সিং, সুনীল গ্রোভারসহ সবাইকে নিয়ে নতুন করে ফিরছে 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'।
তৃতীয় সিজনে পাঁচ বছর পর এ কমেডি শোয়ে ফিরেছেন সিধু। প্রথম পর্বের অতিথি হিসেবে দেখা গেছে সালমান খানকে।