২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি নাটমণ্ডলে আসছে ‘মহুয়া’

‘মহুয়া’ পালার মঞ্চায়ন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

ঢাবি নাটমণ্ডলে আসছে ‘মহুয়া’

‘মহুয়া’ মঞ্চায়ন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2022, 12:40 PM

Updated : 28 Oct 2022, 12:40 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে টানা আট সন্ধ্যায় মঞ্চস্থ হবে মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত পালা ‘মহুয়া’।

শুক্রবার থেকে আগামী ৪ নভেম্বর এ পালার মঞ্চায়ন করবেন বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

Image

মৈমনসিংহ গীতিকা অবলম্বনে দ্বিজ কানাই রচিত ‘মহুয়া’র মহড়ায় শিক্ষার্থীরা

দ্বিজ কানাই রচিত ‘মহুয়া’ নির্দেশনা দিয়েছেন অধ্যাপক রহমত আলী। স্নাতক দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থীরা অভিনয় করেছেন ‘মহুয়া’তে।

নির্দেশক অধ্যাপক রহমত আলী গ্লিটজকে বলেন, “মহুয়া পালা প্রযোজনাটি গীত-নৃত্য-বাদ্য সহযোগে আমাদের দেশজ পরিবেশনা শৈলী অনুসৃত এক নব্য সৃষ্টিকর্ম। দীনেশচন্দ্র সেন সম্পাদিত মৈমনসিংহ গীতিকার একটি উল্লেখযোগ্য পালা মহুয়া। “

তিনি জানান, এ পালাটির সংগ্রাহক চন্দ্রকুমার দে, পূর্ণচন্দ্র ভট্টাচার্য এবং ক্ষিতীশচন্দ্র মৌলিক। রচয়িতা হিসেবে দ্বিজকানাইয়ের নাম পাওয়া যায়। আর রসের দিক থেকে এটি রোমান্টিক-ট্র্যাজেডি ঘরানার দৃশ্যকাব্য।

“এই কাব্যে কবি চিন্তা, ইতিবৃত্ত, চরিত্র, গীত সৃষ্টিতে অসম্প্রদায়িক মনস্তত্ত্ব ধারণ করেছেন।”


থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠ্যসূচির অংশ হিসেবেই এবার মঞ্চে আসছে 'মহুয়া'।

Image

‘মহুয়া’ নির্দেশনা দিয়েছেন অধ্যাপক রহমত আলী

‘মহুয়া’ পালায় অভিনয় করছেন আজরিনা শারমিন, অনন্যা দে, বর্ণালী ঘোষ বর্ণ, ফৌজিয়া আফরিন তিলু, জাহেদ আল ফুয়াদ, মারিয়া সুলতানা, মো. ফরহাদ হোসেন ফাহিম, মো. হাবিবুর রহমান কাঞ্চন, মো. মেজবাহুল ইসলাম জিম, মুনিরা মাহজাবিন, মুসাব্বির হুসাইন রিফাত, নীহারিকা নীরা, শান্তা আক্তার, শেখ রাহাতুল ইসলাম, শেখ মুমতারিণ অথৈ, তাহসিন নুর মিত্রিতা, টুম্পা রানী দাস, উম্মে হানী।

উদ্বোধনী মঞ্চায়নের পর প্রতি সন্ধ্যা ৭টায় টিকেটের বিনিময়ে দর্শকের জন্য উন্মুক্ত থাকবে ঢাবি নাটমণ্ডল।