Published : 23 Feb 2026, 10:09 AM
ভারতের হিন্দি সিনেমার অভিনেত্রী ও মডেল মালাইকা অরোরার ভালোবাসা দিবসের সপ্তাহটি কেটেছে নতুনভাবে। বিদেশের মাটিতে হীরা ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে তার ঘুরে বেড়ানোর ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।
এনডিটিভি লিখেছে, মালাইকা তার কথিত প্রেমিক হর্ষ মেহতার সঙ্গে ইতালির রাজধানী রোমে ছুটি কাটাতে যান। রোমের বিখ্যাত ট্রেভি ফাউন্টেনের সামনে দাঁড়িয়ে দুইজনকে ছবি তুলতে দেখা গেছে।
ছবিতে দেখা যায়, মালাইকার পরনে ছিল ওভারসাইজড কালো ট্রেঞ্চ কোট। হালকা সাজ ও চুলগুলো খোঁপা করা। অন্যদিকে ধূসর জ্যাকেটে দেখা গেছে হর্ষকে।
৩৩ বছর বয়সী হর্ষের সঙ্গে মালাইকার সম্পর্কের গুঞ্জন প্রায়ই শোনা যায়। এর আগেও তাদের তাদের একসঙ্গে দেখা গেছে।
গত বছরের ২৯ অক্টোবর মুম্বাইয়ে গায়ক এনরিক ইগলেসিয়াসের কনসার্টে মালাইকার সঙ্গে হর্ষ মেহতাকে দেখা গেছে। অনুষ্ঠানজুড়ে তাদের কথোপকথন নজর কাড়ে সবার।
এরপর নভেম্বরের শেষ দিকে মুম্বাই বিমানবন্দরেও মালাইকার সঙ্গে হর্ষকে দেখা যায়। যদিও তারা একসঙ্গে হাঁটেননি, হর্ষও মাস্ক দিয়ে নিজেকে আড়াল করে রাখেন, তবুও পাপারাজ্জিদের ক্যামেরায় তাদের উপস্থিতি ধরা পড়ে।
এবারও ইতালিতে ভক্তের তোলা এক ছবিতে তাদের একসঙ্গে দেখা যাওয়ার ঘটনায় প্রেমের গুঞ্জন নতুন করে জোরদার হয়েছে।
যদিও মালাইকা বা হর্ষ কেউই সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।
চলতি বছরে একটি অনুষ্ঠানে হাজির হয়ে মালাইকা অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর তার বর্তমান অবস্থা এবং প্রাক্তন প্রেমিককে নিয়ে কথা বলেছিলেন।
সেসময় মালাইকা বলেছিলেন, “আসলে অনেকে অনেক কথাই তো বলে। আর আমি যখনই আমার পুরনো বন্ধু থেকে কোনও সমকামী পুরুষ অথবা বিবাহিত পুরুষ, যার সঙ্গেই বের হই না কেন, আমার সঙ্গে তার নাম জুড়ে দেওয়া হয়। নিত্যনতুন নাম শুনে আমার মা প্রশ্ন করে, নতুন ব্যক্তিটি কে? আমরা এখন এগুলো নিয়ে হাসাহাসি করি আবার বিরক্তও হই।"
মালাইকার ব্যক্তিগত জীবন
মালাইকা এবং অভিনেতা-নির্মাতা আরবাজ খান বিয়ে করেছিলেন ১৯৯৮ সালে। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ হয়। তাদের আরহান খান নামে একটি ছেলে রয়েছে।
সালমান খানের ভাই আরবাজের সঙ্গে বিচ্ছেদের পর ১২ বছরের ছোট অর্জুনে সঙ্গে মালাইকার সম্পর্কের শুরু ২০১৮ সালে। মালাইকার ৪৫তম জন্মদিনে নিজের প্রেমের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিলেন অর্জুনকে।
এর পর ২০২৪ সালে সোশাল মিডিয়ায় মালাইকার একটি পোস্টে দুজনের সম্পর্কের সংকট সামনে আসে। পাল্টা পোস্ট দেন অর্জুনও। বিষয়টি নিয়ে দীর্ঘ চর্চার পর অর্জুন সে বছর নিজেকে ‘সিঙ্গেল’ বলে ঘোষণা দেওয়ার পর দুজনের আলাদা হওয়ার বিষয়টি পরিস্কার হয়।
তবে এত বছর একসঙ্গে থাকার পরও তারা বিয়ে করেননি।